খড়গপুর সদর কেন্দ্রে আজ রাজনীতির উত্তাপ তুঙ্গে। বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নিজের পুরনো দুর্গ ফিরে পেতে আজ মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলা ১০টা নাগাদ খড়গপুর রাম মন্দিরে পুজো দিয়ে শুরু হবে বর্ণাঢ্য মিছিল। গোলবাজার হয়ে এই বিশাল পদযাত্রা পৌঁছাবে মহকুমা শাসকের দফতরে।
দিলীপ ঘোষের এই শক্তিপ্রদর্শনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই প্রথমবার বিধায়ক হয়ে চমক দিয়েছিলেন দিলীপ। ২০১৯-এ তিনি সাংসদ হওয়ার পর উপনির্বাচনে বিজেপি আসনটি হারালেও একুশের ভোটে ফের তা পুনরুদ্ধার করে গেরুয়া শিবির। তবে এবারের লড়াই দিলীপ ঘোষের কাছে ‘প্রেস্টিজ ফাইট’।
মনোনয়ন পেশের আগেই হুঙ্কার ছেড়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর দাবি, আড়াই লক্ষ ভোটারের মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট তাঁর ঝুলিতে আসবে এবং ১ লক্ষ মার্জিনে তিনি জয়ী হবেন। গত সোমবার ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহের উপস্থিতি যেমন শোরগোল ফেলেছিল, আজ খড়গপুরেও সেই একই উন্মাদনা চোখে পড়ছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।





