কেরলে শশী থারুরের কনভয়ে হামলা! নির্বাচনের মুখে রক্তক্ষয়ী সংঘর্ষ মালাপ্পুরমে?

কেরলের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালাপ্পুরম জেলায়। শুক্রবার সন্ধ্যায় ওয়ান্দুরের থিরুভালি এলাকায় চেল্লিথোডে ব্রিজের কাছে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, থারুর যখন কংগ্রেস নেতা এপি অনিলকুমারের নির্বাচনী সভায় যাচ্ছিলেন, তখন দুটি গাড়িতে আসা একদল দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়।

অভিযোগ, রাস্তা সরু হওয়ায় থারুরের নিরাপত্তারক্ষী সামনের গাড়িটিকে সরে যেতে বললে পাঁচজনের একটি দল তাঁর ওপর চড়াও হয়। মারধর করা হয় সাংসদের চালককেও। এই ঘটনায় ওয়ান্দুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শশী থারুর জানান, তিনি সম্পূর্ণ অক্ষত আছেন এবং তাঁর নিরাপত্তারক্ষীও এখন বিপন্মুক্ত। তিনি লেখেন, “শুভাকাঙ্ক্ষীদের বার্তায় আমি আপ্লুত। আমরা নির্ভয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছি।” উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল কেরলে এক দফায় বিধানসভা নির্বাচন। তার আগে এই হামলা রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy