কৃষ্ণবাটিতে কান্নার রোল! গতি দানবের বলি অশোক প্রামানিক, CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

হুগলির চন্দননগরের ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায় বেপরোয়া গতির শিকার হলেন এক সাইকেল আরোহী। দ্রুত গতির মোটর বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী অশোক প্রামানিক। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের পাশাপাশি তীব্র উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক অশোকবাবুকে সজোরে ধাক্কা মারে। বাইকে ছিল তিনজন যুবক। ধাক্কার তীব্রতায় অশোক প্রামানিক রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। মৃতের ভাইপো সৌরভ প্রামানিক দাবি করেছেন, বাইক আরোহী তিন যুবক মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ক্ষোভ, বেপরোয়া বাইক চালানো এবং গতি নিয়ন্ত্রণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনা ফের একবার শহরের রাস্তায় বাইকের গতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
ঘটনার খবর পেয়ে চন্দননগর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বুধবার পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন অভিযুক্তদের চিহ্নিত করার জন্য এবং কীভাবে মৃত্যু হলো তা নিশ্চিত করার জন্য। এলাকার মানুষ অবিলম্বে অভিযুক্তদের কঠোর শাস্তি এবং রাস্তায় বাইকের গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।