‘কী করবি আমার?’-এই কথা বলায় খুন, নবম শ্রেণির ছাত্রের চ্যাটে বেরিয়ে এল ভয়ঙ্কর সত্যি

গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণির এক ছাত্র দশম শ্রেণির এক ছাত্রকে ছুরি মেরে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাটি বিখ্যাত সিনেমা ‘অ্যাডোলেসেন্স’-এর কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে এমন একটি অপরাধের কারণ এবং মানসিকতা তুলে ধরা হয়েছিল। পুলিশের তদন্তে অভিযুক্ত ছাত্রের একটি মেসেজ চ্যাট সামনে এসেছে, যা থেকে তার হিংস্রতার কারণ স্পষ্ট হয়েছে।
কী ঘটেছিল?
অভিযোগ, মঙ্গলবার আহমেদাবাদের ওই স্কুলে নবম শ্রেণির এক ছাত্র দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হলে রাতেই তার মৃত্যু হয়। বুধবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্কুলের বাইরে উত্তেজনা ছড়ায়। অভিভাবক ও কিছু রাজনৈতিক সংগঠনের সদস্যরা স্কুলে ভাঙচুর চালায়।
মেসেজ চ্যাটে কী লেখা ছিল?
স্কুলের সিনিয়রকে ছুরি মারার ঘটনার পর, অভিযুক্ত ছাত্রের এক বন্ধু তাকে মেসেজ করে। তাদের কথোপকথনটি ছিল এমন:
- বন্ধু: “ভাই, আজ কি তুই কিছু করেছিস?”
- অভিযুক্ত: “হ্যাঁ।”
- বন্ধু: “তুই কি আজ কাউকে ছুরি মেরেছিস?”
- অভিযুক্ত: “কে বলল তোকে?”
- বন্ধু: “ও (যাকে ছুরি মারা হয়েছিল) মারা গিয়েছে।”
এরপরও অভিযুক্ত ছাত্রটি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল না। বরং সে তার বন্ধুকে জানায়, “ওকে বল, আমি খুন করেছি। যে এ কথা তোকে বলেছে, সে আমাকে চেনে। এখনই ওকে বল।”
তার বন্ধু যখন জিজ্ঞেস করে কেন সে এমন কাজ করল, তখন সে জানায়, “আরে, ও আমাকে বলল, কে তুই, কী করবি আমার?” এই সামান্য কথায় অপমানিত হয়েই সে এমন হিংস্র হয়ে ওঠে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা আবারও সমাজে কিশোর-কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান হিংসা এবং অপরাধপ্রবণতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।