‘মন্ত্রী হিসেবে যুক্ত করা হয়েছে’, এসএসসি মামলায় নির্দোষ বলে নিজেকে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালত এই চার্জ গঠন করেছে। এই মামলায় অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা।
পার্থর আইনজীবীর দাবি
এদিন ভার্চুয়াল শুনানিতে হাসপাতাল থেকে যুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়। তার আইনজীবী আদালতে দাবি করেন যে, এই মামলায় পার্থকে শুধুমাত্র একজন মন্ত্রী হিসেবে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, “হাইপোথেটিক্যাল সেম এলিগেশন। প্রথম দিকের চার্জশিটে আমার নাম নেই। কোনো নিউট্রাল উইটনেসের স্টেটমেন্টও নেই যে উনি লিগাল বা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যুক্ত।” আইনজীবী আরও বলেন যে, চার্জগুলো ভিত্তিহীন, তাই তিনি মামলা থেকে তার মক্কেলকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন।
বিচারকের পর্যবেক্ষণ ও চার্জ গঠন
বিচারক জানান, তিনি কেস ডায়েরি দেখে বুঝতে পেরেছেন যে, কোনো নিয়োগের ফাইল সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে না গিয়ে অবৈধভাবে এসএসসিও ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল। এরপর তিনি বলেন, “অভিযুক্তরা নিজেরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। অযোগ্য চাকরিপ্রার্থীদের নবম ও দশম শ্রেণির শিক্ষক হিসেবে নিয়োগ করেছেন। নম্বর বিকৃত করা হয়েছে।”
জীবনকৃষ্ণ সাহা ও প্রসন্ন রায়ের মতো অভিযুক্তদের উদ্দেশ্য করে বিচারক বলেন, “আপনারা এজেন্ট হিসেবে কাজ করেছেন। চাকরিপ্রার্থীদের প্রভাবিত করে ঘুষ দিতে বাধ্য করেছেন। নিয়োগপত্র জাল করেছেন এবং ডিজিটাল নথি বিকৃত করে প্রমাণ লোপাট করেছেন।”
পার্থর প্রতিক্রিয়া
বিচারক যখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের চার্জ উল্লেখ করেন, তখন হাসপাতালের বেডে শুয়েই পার্থ বলেন, “আমি আপনার উপর আস্থা রাখছি। আমি সম্পূর্ণ নির্দোষ। রোজ রোজ এক কথা কী বলব।” এরপর বিচারক তাকে চার্জ গঠনের সম্মতির বিষয়ে জিজ্ঞাসা করলে পার্থ বলেন, “তাহলে আমার কিছু বলার নেই।” এই মন্তব্যের মাধ্যমেই তিনি কার্যত চার্জ গঠনের প্রতি সম্মতি জানান।