কলকাতার রেড রোডে যোগ দিবসের মহা-আসরে প্রধানমন্ত্রী মোদি! নবান্নের নির্দেশে জোর প্রস্তুতি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এবার এই মেগা অনুষ্ঠানের মূল মঞ্চ হতে চলেছে কলকাতার ঐতিহাসিক রেড রোড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব মহানগরীতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার এই অনুষ্ঠানের প্রচারের সূচনা করেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনিক স্তরে নিরাপত্তার কড়াকড়ি ও প্রস্তুতির কাজ শুরু হয়েছে জোরকদমে।

কেন রেড রোড? বর্ষার মরশুমের কথা মাথায় রেখেই ব্রিগেডের পরিবর্তে রেড রোডকে অনুষ্ঠানের মূল স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী প্রতাপরাও যাদব। রেড রোড ছাড়াও প্রয়োজনে ময়দান চত্বরে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঙ্গার বুকে ৫০০টি নৌকার ওপর বিশেষজ্ঞরা যোগাভ্যাস করবেন। এটি এবারের যোগ দিবসের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে।

তিন দিনের মেগা কর্মসূচি: শুধুমাত্র ২১ জুন নয়, ১৯ জুন থেকে টানা তিনদিন কলকাতায় চলবে যোগা দিবস কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান:

  • ১৯ জুন: ‘দৌড় সে ধ্যান’ শীর্ষক ২ কিলোমিটার দৌড় ও ধ্যানের সেশন।

  • ২০ জুন: কলকাতায় বিশাল কার্নিভাল, ড্রোন শো এবং গঙ্গায় ফ্লোটিং লাইট শো।

  • ২১ জুন: রেড রোডে মূল অনুষ্ঠান, যেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সরকারি উদ্যোগ ও সাধারণ মানুষের অংশগ্রহণ: নবান্নের পক্ষ থেকে সমস্ত সরকারি কর্মীদের অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন পার্কেও বিশেষ যোগাভ্যাসের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে স্থানীয় পার্কগুলোতে স্বাচ্ছন্দ্যে যোগাভ্যাস করতে পারেন, সেই লক্ষ্যে পুরসভা খোলা জায়গা ও বসার পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে।

১৮ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে এক সাংবাদিক বৈঠক করে বিস্তারিত রূপরেখা প্রকাশ করবেন। স্বাস্থ্য সচেতনতার বার্তা শহরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। যোগ দিবসকে কেন্দ্র করে কলকাতার এই নতুন রূপ দেখতে এখন উদগ্রীব দেশবাসী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy