কলকাতার আরও এক ব্লাড ব্যাঙ্কের রকেট গতিতে রক্ত পাচারের চক্র ফাঁস! ভিনরাজ্যে গেল হাজার হাজার ইউনিট রক্ত?

কলকাতার আরও একটি নামী ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে রক্ত নিয়ে অবৈধ ব্যবসা চালানোর অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে এল। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট এবং যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের পর এবার সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ তুলেছে স্বাস্থ্য ভবন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত মাত্র ৬ মাসের মধ্যে ওই ব্লাড ব্যাঙ্ক থেকে অন্তত সাড়ে তিন হাজার ইউনিট লোহিত রক্তকণিকা বা আরবিসি বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো একাধিক ভিনরাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে বেআইনিভাবে বিক্রি করা হয়েছে।
এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ইতিমধ্যেই পরপর তিনবার কড়া নোটিস পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। প্রথম দফায় তলব করা হলে তারা হাজিরা দিয়ে আরবিসি বিক্রির একাংশের হিসাব জমা দিলেও, পরবর্তী দু’বার স্বাস্থ্য ভবনের তলব সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঠিক কত টাকায় এই বহুমূল্য জীবনদায়ী রক্ত বিক্রি করা হয়েছে এবং কী পরিমাণ প্লাজমা বাইরে পাচার করা হয়েছে, তার কোনও সঠিক ও সন্তোষজনক হিসাব এখনও পর্যন্ত মেলেনি। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, অবিলম্বে সম্পূর্ণ তথ্য ও নথি জমা না দিলে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিল সহ একাধিক কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।