কপিল শর্মাকে কোটি টাকা তোলা চেয়ে হুমকি! পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার এক, ফাঁস হলো গোল্ডি ব্রার যোগের তথ্য

জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। দিলীপ চৌধুরী নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই নিয়ে আসা হয়েছে এবং আদালত তাকে ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, দিলীপ চৌধুরী নামে ওই ব্যক্তি প্রথমে কপিল শর্মার এক ঘনিষ্ঠ ব্যক্তিকে ফোন করে, পরে ভিডিও পাঠিয়ে মোটা অঙ্কের এই টাকা দাবি করে। টাকা না দিলে অভিনেতাকে ‘গুরুতর পরিণতি ভোগ করতে হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছিল।

গ্যাংস্টার রোহিত গোদারা ও গোল্ডি ব্রারের নাম ব্যবহার
অভিযোগ পাওয়ার পর মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায়, হুমকিদাতা পশ্চিমবঙ্গে রয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতারের পরিকল্পনা করা হয়।

তদন্তকারীদের অনুমান, বলিউডের তারকাদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই অভিযুক্তরা হুমকি দেওয়ার সময় কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের নাম ব্যবহার করেছিল।

গ্রেফতারের পর দিলীপ চৌধুরীকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হয়। আদালত তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযুক্তকে জেরা করে পুলিশ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, বা ফোনে যাদের নাম বলা হয়েছে, তাদের কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

ক্যাফেতে গুলি চলার ঘটনার পরই ফের হুমকি
কপিল শর্মাকে ঘিরে সাম্প্রতিক অতীতে একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অভিনেতার ক্যাফে ‘ক্যাপস’-এ গুলি চালনার ঘটনা।

গত জুলাই মাসে ক্যাফেটি চালু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এক রাতে এই হামলার ঘটনা ঘটে। খালিস্তানি জঙ্গি হারজিৎ সিং লাড্ডি এই ঘটনার দায় নিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ক্যাফে লক্ষ্য করে অন্তত ন’টি গুলি ছুড়েছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এল। দেশের অন্যতম জনপ্রিয় এই আইকনের সুরক্ষার বিষয়টি নিয়ে চিন্তায় তাঁর ভক্তমহল।