সত্যজিতের ‘দয়াময়ী’ থিমে ঢাক বাজালেন সৃজিত! বেহালা মণ্ডপে কেন ভিড় জমাচ্ছেন টলিউড তারকারা?

ষষ্ঠীর দুপুরে বেহালার অলিতে-গলিতে যেন উৎসবের পারদ চড়ালেন টলিউডের তারকারা। প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা টোটা রায়চৌধুরী এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় বেহালার জয়রামপুর সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এসে কার্যত মাতিয়ে দিলেন আসর।
‘দয়াময়ী’ থিমে সত্যজিতের ছোঁয়া
বেহালার ভিড়ের মাঝেও নজর কাড়ে জয়রামপুর সর্বজনীন দুর্গোৎসব, যা এ বছর ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের থিম কিংবদন্তি সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘দেবী’-র ‘দয়াময়ী’ চরিত্রটি।
এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বয়ং সত্যজিৎ-পুত্র, চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। মণ্ডপ জুড়ে শিল্পীরা সত্যজিৎ রায়ের সিনেমার প্রেক্ষাপট এবং দয়াময়ীর মর্মান্তিক পরিণতিকে তুলে ধরেছেন মূর্তি ও ইনস্টলেশনের মোড়কে। এখানে দেবীর হাতে ত্রিশূলটি যেন অনিচ্ছাকৃতভাবে তুলে নেওয়া—যা শিল্পের মাধ্যমে এক অন্যরকম বার্তা দিচ্ছে। পুজো প্রাঙ্গণে চলছে লাইভ পারফরম্যান্সও।
তারকারা মাতিয়ে দিলেন মণ্ডপ
ষষ্ঠীর দিনে এই ব্যতিক্রমী থিম দেখতেই মণ্ডপে ভিড় জমান টলিউডের তারকারা। প্যান্ডেল পরিদর্শনে এসে সৃজিত মুখোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী— দু’জনকেই দেখা যায় আবেগ ভরে ঢাক বাজাতে। অন্যদিকে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় মেতে ওঠেন নাচে, কোমর দোলান ঢাকের তালে।
টোটা রায়চৌধুরী ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকাদের ঢাক বাজানো এবং সুস্মিতার নাচ দেখতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী। উল্লেখ্য, বেহালা অঞ্চল বরাবরই প্যান্ডেল হপিং পিপাসুদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ। বেহালা ক্লাব, বেহালা ফ্রেন্ডস, বড়িশা প্লেয়ার্স কর্নার থেকে শুরু করে সাবর্ণ রায়চৌধুরীদের সাবেকি পুজো— সব মিলিয়ে বেহালা পুজোর সময়ে অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে