ওসামা বিন লাদেনের টার্গেটে ছিল ভারতও! CIA ডায়েরিতে কোন ভয়ঙ্কর সত্য সামনে এল?

আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ ৯/১১ হামলার প্রায় তিন বছর আগেই ভারতে একটি বড়সড় জঙ্গি হামলার মারাত্মক পরিকল্পনা কষে ফেলেছিল আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। সম্প্রতি প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)-র ১৯৯৮ সালের একটি গোপন প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফ বা গোয়েন্দা নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশের জন্য তৈরি করা একাধিক গোয়েন্দা নথি প্রকাশ করেছে সিআইএ। এর মধ্যে ২৮ অগাস্ট, ১৯৯৮ সালের একটি নথির শিরোনাম ছিল ‘Bin Laden terrorist network still a threat’। ওই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, ওসামা বিন লাদেন যে দেশগুলিতে রক্তক্ষয়ী হামলা চালানোর পরিকল্পনা করছিল, তার মধ্যে অন্যতম ছিল ভারত। মিশর, আরব উপদ্বীপের কুয়েত, সৌদি আরব ও ইয়েমেন, পাকিস্তান, উগান্ডা এবং নাইজেরিয়ার সঙ্গে ভারতের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
যদিও সিআইএ-র প্রকাশিত ওই নথিতে ভারতের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হামলার সম্ভাব্য তারিখ বা অপারেশনাল পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। গোপনীয়তার খাতিরে গোয়েন্দা তথ্যের উৎসগুলির অংশও নথি থেকে মুছে ফেলা হয়েছে। তবে নথিতে এও জানানো হয়েছিল যে, বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশে নিজের সহযোগী ও নেটওয়ার্কের ওপর নির্ভর করে ছড়ি ঘোরাতো বিন লাদেন। আমেরিকা এবং ব্রিটেনের পাশাপাশি বিশ্বজুড়ে মার্কিন স্বার্থযুক্ত বিভিন্ন অঞ্চলকে গুঁড়িয়ে দেওয়ার ছক কষছিল সে।
১৯৯৮ সালের অগাস্ট মাসে কেনিয়ার নাইরোবি এবং তানজানিয়ার দার এস সালামে মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা হামলার বদলা নিতে আফগানিস্তান ও সুদানের সন্দেহভাজন আল-কায়েদা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় লাদেন বেঁচে গেলেও তার নেটওয়ার্ক অক্ষত ছিল বলেই গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়। এরপর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকা সেই ভয়াবহ বিমান ছিনতাই ও হামলার সাক্ষী থাকে, যাতে প্রায় তিন হাজার মানুষের প্রাণ গিয়েছিল। দীর্ঘ এক দশক ধরে মার্কিন গোয়েন্দাদের চোখকে ধুলো দিয়ে বেঁচে থাকার পর অবশেষে ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সামরিক অভিযানে খতম হয় মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী ওসামা বিন লাদেন। সাম্প্রতিক এই সিআইএ নথি প্রকাশের ফলে নব্বইয়ের দশকেই ভারতের নিরাপত্তায় লাদেনের কত বড় নাশকতার ছক ছিল, তা আবারও স্পষ্ট হয়ে গেল।