ওলা-উবারের দিন শেষ? চালকদের মালিকানায় এল ‘ভারত ট্যাক্সি’, অমিত শাহের বড় ঘোষণা

বেসরকারি অ্যাপ-ক্যাব সংস্থাগুলোর একচেটিয়া আধিপত্য ও শোষণের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। চালক ও যাত্রী—উভয়কেই শোষণ করার অভিযোগ তুলে ওলা-উবারের বিকল্প হিসেবে দেশের প্রথম সমবায় পরিচালিত রাইড-হেইলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। শনিবার গুজরাটের ১৪টি শহরে এই পরিষেবার উদ্বোধন করেন শাহ।
অমিত শাহের অভিযোগ, বেসরকারি সংস্থাগুলি চালকদের থেকে মোটা কমিশন কেটে নেয় এবং ইচ্ছামতো আইডি ব্লক করে দেয়। এই পরিস্থিতির সমাধানে ‘ভারত ট্যাক্সি’ নিয়ে এসেছে ‘জিরো-কমিশন’ মডেল। এখানে যাত্রীদের ভাড়ার সম্পূর্ণ টাকা পাবেন চালকরা, পাশাপাশি তাঁরা এই প্ল্যাটফর্মের মালিকানার অংশীদার হবেন।
প্রতিযোগী সংস্থাগুলির সমালোচনা করে শাহ বলেন, “ভারত ট্যাক্সি বাজারে আসতেই ওই সংস্থাগুলো ভাড়া কমিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য সাময়িকভাবে লোকসান করে বাজার থেকে আমাদের তাড়িয়ে দিয়ে পুনরায় একচেটিয়া রাজত্ব কায়েম করা। কিন্তু ভারতীয় সমবায় ভাবনা এই কৌশল সফল হতে দেবে না।”
প্রাথমিকভাবে অটো, বাইক ও চার চাকার গাড়ি নিয়ে আহমেদাবাদ, সুরাটসহ ১৪টি শহরে পরিষেবা শুরু হয়েছে। গুজরাট মেট্রো, বিমানবন্দর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সাথে গাঁটছড়া বেঁধেছে এই প্ল্যাটফর্ম। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কলকাতা, মুম্বাই, পুনেসহ দেশের বড় শহরগুলোতে এবং পরবর্তী দুই বছরের মধ্যে ৫০০টিরও বেশি শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। যাত্রীদের ন্যায্য ভাড়া এবং চালকদের উপযুক্ত মর্যাদা দেওয়াই এই সমবায় মডেলের মূল লক্ষ্য।