‘ওরা শিশুদের টফিতেও ট্যাক্স চাপিয়েছিল’- GST নিয়ে মোদির তীব্র আক্রমণ, পাল্টা জবাব কংগ্রেসের

নতুন জিএসটি কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, কংগ্রেস তাদের শাসনকালে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়েছিল। এমনকি শিশুদের টফি এবং সাধারণের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের ওপরেও উচ্চ হারে কর বসিয়েছিল। মোদির অভিযোগ, যদি সেই কর ব্যবস্থা বজায় থাকত, তাহলে ১০০ টাকার জিনিসের জন্য মানুষকে ২০-২৫ টাকা কর দিতে হতো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন জিএসটি কাঠামোর প্রশংসা করে বলেন, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে দ্বিগুণ সাহায্য করবে। তাঁর মতে, ভারতকে আত্মনির্ভর করে তুলতে এই ধরনের সংস্কার অত্যন্ত জরুরি। নতুন জিএসটি কাঠামোয় রুটি, চুলের তেল, আইসক্রিম, টিভি, এবং ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমার ওপর করের হার কমানো হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রীর সমালোচনার জবাবে কংগ্রেসও চুপ করে থাকেনি। প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম নতুন কাঠামোকে স্বাগত জানালেও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, “নতুন জিএসটি কাঠামোকে আমরা স্বাগত জানাই। কিন্তু বড্ড দেরি হয়ে গেল। আমরা গত ৮ বছর ধরে এই কর কাঠামো নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছি, কিন্তু সরকার এতদিন বধিরের মতো কানে আঙুল দিয়ে বসেছিল।”