ওবিসি সংরক্ষণে বিরাট পরিবর্তন আসন্ন! আজ সুপ্রিম কোর্টে ঐতিহাসিক মামলার চূড়ান্ত শুনানি, নজরে পশ্চিমবঙ্গের নীতি

পশ্চিমবঙ্গের ওবিসি (OBC) সংরক্ষণ নীতি নিয়ে চলতে থাকা দীর্ঘ আইনি লড়াই আজ চূড়ান্ত নিষ্পত্তির মুখে। ৯ অক্টোবর, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) এই সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। মামলার ডায়েরি নম্বর ২৭২৮৭/২০২৪। এই মামলার রায় পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ নীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

কোন বেঞ্চে কখন শুরু হবে শুনানি?
এই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের ১ নম্বর কোর্টে হবে। বিচারপতিদের বেঞ্চে থাকছেন প্রধান বিচারপতি বির গাভেসারা, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি কে. ভি. বিনোদ চন্দ্র।

আদালতের তালিকা অনুযায়ী, বিচারপতিরা সাংবিধানিক বেঞ্চের কিছু রায় ঘোষণার পর আনুমানিক দুপুর ১২টার দিকেই এই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।

যে কারণে এই রায় ঐতিহাসিক
ওবিসি সংরক্ষণ নিয়ে এই মামলা দীর্ঘদিন ধরেই বিচারাধীন ছিল। এর সঙ্গে আরও ১০টি সংশ্লিষ্ট মামলা যুক্ত করা হয়েছে, যা এই রায়কে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। উল্লেখযোগ্য সংযুক্ত মামলাগুলির মধ্যে রয়েছে:

উহিনা পারভিন বনাম পশ্চিমবঙ্গ সরকার

এমডি নওশাদ সিদ্দিকী মামলা

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা ফোরামের মামলা

ইসলাম ও নাজমুল হকের মামলা

আইন বিশেষজ্ঞদের মতে, এই সব মামলার সম্মিলিত রায় পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা, সংরক্ষণের নিয়ম এবং এর প্রশাসনিক কাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এর ফলে রাজ্যের বহু সরকারি নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নীতিতেও সরাসরি পরিবর্তন আসবে।

আজকের শুনানিতে যদি চূড়ান্ত নিষ্পত্তি হয়, তবে সেটি রাজ্যের সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন নজর দেশের সর্বোচ্চ আদালত কী রায় ঘোষণা করেন, সেই দিকে।