মধ্যরাতে ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ও লঙ্কা গুঁড়ো ঢাললেন স্ত্রী! পোড়ার জ্বালায় চিৎকার, এরপর যা ঘটল…

দাম্পত্য কলহের জেরে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ দিল্লির মদাঙ্গীর এলাকায়। গত ৩ অক্টোবর রাতে এক ফার্মাসিউটিক্যাল ফার্ম কর্মী তাঁর বাড়িতে ঘুমিয়ে থাকার সময় তাঁর স্ত্রী ফুটন্ত তেল ও লঙ্কা গুঁড়ো ঢেলে তাঁকে ঝলসে দেওয়ার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
মধ্যরাতে বীভৎস হামলা
আহত ব্যক্তির নাম দীনেশ কুমার। কাজ শেষে রাতে ঘরে ফিরে তিনি খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েন। রাত তখন প্রায় সওয়া ৩টে। হঠাৎ প্রচণ্ড জ্বলুনি অনুভব করায় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে দেখেন, তাঁর স্ত্রী সাধনা খাটের উপর দাঁড়িয়ে তাঁর গায়ে ফুটন্ত তেল ঢেলে তাতে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছেন।
পোড়ার তীব্র জ্বালায় দীনেশ কুমার চিৎকার করতে গেলে স্ত্রী ভয় দেখিয়ে বলেন, ‘অগর শোর মচায়া তো অউর তেল ডালুঙ্গি’ (যদি চিৎকার করিস, তাহলে আরও তেল ঢেলে দেব)। কিন্তু যন্ত্রণায় কাতর দীনেশ চিৎকার বন্ধ করতে পারেননি এবং কোনওমতে স্ত্রীর আয়ত্ত থেকে বেরিয়ে আসেন।
প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা, স্ত্রী গ্রেপ্তার
দীনেশের ভয়াবহ চিৎকার শুনেই পাড়াপড়শি ও বাড়ির নীচে থাকা বাড়িওয়ালা নাথুরাম ছুটে আসেন। বাড়িওয়ালা দ্রুত দীনেশের শ্যালক রাম সাগরকে ডেকে আনেন। তাঁরা দুজনে দীনেশকে মাঝরাতেই অটোয় চাপিয়ে মদনমোহন মালব্য হাসপাতালে নিয়ে যান। ক্ষত গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, দীনেশের ক্ষত অত্যন্ত মারাত্মক হয়েছে।
আহত দীনেশের বয়ানের ভিত্তিতেই পুলিশ স্ত্রী সাধনার বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং সাধনাকে গ্রেপ্তার করে।
দীনেশ ও সাধনার বিয়ে হয়েছে প্রায় আট বছর আগে। পুলিশ জানিয়েছে, এই যুগলের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এমনকি দু’বছর আগে সাধনা স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন সেলে অভিযোগও জানিয়েছিলেন, যদিও সেবারের মতো বিষয়টি মিটে গিয়েছিল। এই ঘটনার ফলে দাম্পত্য কলহ যে কী চরম পরিণতি নিতে পারে, তারই ইঙ্গিত মিলল।