বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল কানপুর! ভেঙে পড়ল সিলিং, ঘটনাস্থল সিল করে দ্রুত রিপোর্ট চাইল ডিজিপি

গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তরপ্রদেশের কানপুরের মিশ্রি বাজারের খেলনার মার্কেটে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্ক করে রাখা দুটি স্কুটারে মজুত থাকা বিস্ফোরক ফেটেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ৮ জন জখম হয়েছেন।
জখমদের মধ্যে এক মহিলা-সহ ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শব্দ অনেক দূর থেকে শোনা গিয়েছিল এবং এর প্রভাবে আশপাশের অনেক দোকানের সিলিং ধসে পড়ে। এমনকি কাছের একটি মসজিদের দেওয়ালেও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
তদন্তে এটিএস ও এসটিএফ, আটক ৬
ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশ, উত্তরপ্রদেশ এটিএস (ATS) এবং এসটিএফ (STF) যৌথভাবে তদন্তে নেমেছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম এবং বোম্ব স্কোয়াড। তারা জানিয়েছে, দুটি স্কুটিই বিস্ফোরক বহন করছিল।
বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেস্টন রোডের মুলগঞ্জে। বিস্ফোরণের পরই পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়।
ডিজিপি রাজীব কৃষ্ণ এই বিস্ফোরণ কাণ্ডের দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ফরেন্সিক টিমকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ষড়যন্ত্র নাকি অবৈধ বাজি?
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এটিএস-এর দুটি দল লখনউ থেকে কানপুর পৌঁছেছে। স্কুটির মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছেন।
তদন্তের মূল লক্ষ্য হলো: এটি কোনও বড় ষড়যন্ত্র ছিল, নাকি দীপাবলির আগে অবৈধ আতশবাজি তৈরির জন্য স্কুটির ভিতরে বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরণের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি কাপড়ের দোকানের প্রবেশপথের কাছে মেঝেতে বসে থাকা এক ব্যক্তির কাছে রাখা বাক্সগুলির নিচ থেকে বিস্ফোরণটি ঘটে। এই ফুটেজ থেকেও রহস্যের জট খোলার চেষ্টা করছে পুলিশ।