ওপার বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি! ওসমান হাদির মৃত্যুতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এ হামলা, জ্বলল হাসিনার পোস্টার

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বৃহস্পতিবার রাতভর চলা ভয়াবহ হিংসার কবলে পড়ল দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম— ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেইলি স্টার’। উন্মত্ত জনতা শুধু সংবাদপত্রের অফিসেই হামলা চালায়নি, ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনের অবশিষ্ট অংশটুকুও গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।
সাংবাদিকদের বিভীষিকাময় রাত: হামলার সময় ‘দ্য ডেইলি স্টার’ ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকরা এক নারকীয় অভিজ্ঞতার সাক্ষী হলেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান:
অতর্কিত হামলা: ‘প্রথম আলো’ অফিসে তাণ্ডব চালানোর পর জনতা ডেলি স্টার ভবনে ঢুকে পড়ে এবং নিচতলায় আগুন ধরিয়ে দেয়।
ছাদে আশ্রয়: ঘন ধোঁয়ায় নিচ দিয়ে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একদল সাংবাদিক প্রাণ বাঁচাতে ১০ তলার ছাদে পালিয়ে যান।
উদ্ধারকার্য: পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মই দিয়ে ছাদ থেকে সাংবাদিকদের উদ্ধার করেন। এই নজিরবিহীন হামলার প্রতিবাদে আজ শুক্রবার প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার-এর কোনও সংস্করণ প্রকাশিত হবে না।
বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ও ইনকিলাব মঞ্চের বার্তা: বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার চেষ্টা করে এবং সেখানে শেখ হাসিনার পোস্টারে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতির অবনতি দেখে ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টের মাধ্যমে জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছে। তারা বলেছে, “ধ্বংস ও আগুনের মাধ্যমে কিছু গোষ্ঠী বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আপনাদের বুঝতে হবে— ৩২ এবং ৩৬ এক নয়।” তারা আরও ইঙ্গিত দিয়েছে যে, ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখেই এই পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে।