এসি না চালিয়েও মাসের শেষে ৩৮০০ টাকা বিল? আপনার অজান্তেই বিদ্যুৎ চুরি করছে এই ‘চোরেরা’!

এপ্রিলের ভ্যাপসা গরমে এসি ছাড়া জীবন দুর্বিষহ। ফ্যান চলছে ফুল স্পিডে, তবু মাসের শেষে ৩৮০০ টাকার ইলেকট্রিক বিল দেখে চক্ষু চড়কগাছ! মিটার ঠিক থাকলেও পকেট খালি হচ্ছে কেন? ইলেকট্রিক্যাল এক্সপার্টরা বলছেন, এর নেপথ্যে রয়েছে ‘ফ্যান্টম লোড’ বা স্ট্যান্ডবাই পাওয়ার লস। গরমে বাড়ির মোট বিদ্যুৎ বিলের অন্তত ১০-১৫ শতাংশ খরচ হয় এই অদৃশ্য পথে।

ফ্যান্টম লোড আসলে কী?
রিমোট দিয়ে টিভি বা এসি বন্ধ করলে সেগুলো সম্পূর্ণ বন্ধ হয় না। সিগন্যাল গ্রহণের জন্য ওই অবস্থায় টিভি, সেট-টপ বক্স, মাইক্রোওয়েভ বা রাউটার সচল থাকে এবং সামান্য হলেও বিদ্যুৎ টানতে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্যান্ডবাই মোডে থাকা এসি, টিভি, সাউন্ড বার, ওয়াশিং মেশিন এমনকি প্লাগে লাগানো ফোন চার্জারও বিদ্যুৎ খরচ করে। হিসাব বলছে, বাড়িতে থাকা বিভিন্ন ডিভাইসের স্ট্যান্ডবাই লোড থেকে মাসে প্রায় ৩২ ইউনিট বিদ্যুৎ অপচয় হয়। অর্থাৎ, প্রায় ৩০০ টাকা আপনি অনায়াসেই জলে ফেলছেন, অথচ এর কোনো সুফল পাচ্ছেন না।

কিভাবে বাঁচাবেন বিদ্যুৎ?
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর নিয়ম অনুযায়ী, ১ ওয়াটের বেশি স্ট্যান্ডবাই পাওয়ার নেওয়া ডিভাইসগুলো এখন আর ৫-স্টার রেটিং পায় না। তাই নতুন ইলেকট্রনিক্স কেনার সময় BEE ৫-স্টার রেটিং যাচাই করুন। তবে পুরনো ডিভাইসের ক্ষেত্রে ‘১ ওয়াট রুল’ মেনে চলাই সেরা উপায়।

১. মাল্টিপ্লাগের ব্যবহার: টিভি, সেট-টপ বক্স ও হোম থিয়েটার একটি মাল্টিপ্লাগে রাখুন। রাতে বা ঘর থেকে বেরোনোর সময় মেইন সুইচ অফ করে দিন।
২. এসি ও গিজারের নিয়ন্ত্রণ: রিমোট দিয়ে এসি বন্ধ করার পর অবশ্যই দেয়ালের মেইন সুইচ অফ করুন। গরমকালে গিজারের প্রয়োজন নেই, তাই এর মেইন সুইচ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।
৩. স্মার্ট প্লাগ ও টাইমার: ৫০০-৮০০ টাকায় স্মার্ট প্লাগ কিনে তাতে টাইমার সেট করুন। এতে নির্দিষ্ট সময়ে ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
৪. এসির যত্ন: প্রতি ১৫ দিন অন্তর এসির ফিল্টার পরিষ্কার করুন। নোংরা ফিল্টার থাকলে এসি ২০ শতাংশ বেশি বিদ্যুৎ টানে। ২৪ ডিগ্রিতে এসি চালিয়ে ফ্যান ব্যবহারের অভ্যাস করুন, এতে আরাম মিলবে এবং বিলও কমবে ৩০ শতাংশ।

এক গবেষণায় দেখা গেছে, শুধু এই নিয়মগুলো মেনে চলায় মাসের শেষে ৪২৫ টাকা সাশ্রয় হয়েছে। বছরে যা প্রায় ৫০০০ টাকার সমান। কোনো খরচ ছাড়াই ছোট কিছু বদভ্যাস ত্যাগ করে আপনিও কমাতে পারেন আপনার মাসিক বিদ্যুৎ বিল। আজ রাতেই পরীক্ষা করে দেখুন, মাল্টিপ্লাগ আর মেন সুইচ অফ করার অভ্যাস আপনার মিটার রিডিংয়ে কী জাদুকরী পরিবর্তন আনে!