এসএসসি-র পরীক্ষা ঘিরে কেলেঙ্কারি, সুপ্রিম কোর্ট চাইল কেন্দ্রের হলফনামা

স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি)-র পরীক্ষা নিয়ে দেশজুড়ে ওঠা বিতর্কের জেরে এবার কেন্দ্রের কাছে হলফনামা চাইল দেশের শীর্ষ আদালত। সম্প্রতি, বিচারপতি পিএস নরসিংহ এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চে দায়ের করা একটি জনস্বার্থ মামলার ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

কেন দায়ের হল জনস্বার্থ মামলা?
চলতি বছরে এসএসসি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল একটি নতুন সংস্থা, ‘ইক্যুইডিটি কেরিয়ার টেকনোলজি’-কে। কিন্তু পরীক্ষার দিনই সামনে আসে চরম অব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্র পড়েছিল বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূরে, কোথাও আবার পরীক্ষা বাতিলই হয়ে যায়। এই অব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়, যার ফলে তারা প্রতিবাদে নামে।

এই পরিস্থিতিতে আসন্ন এসএসসি (সিজিএল) পরীক্ষায় যাতে একই ধরনের অনিয়ম না ঘটে, তার জন্য এক পরীক্ষার্থী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি এই পরীক্ষার ব্যবস্থাপনার ওপর নজর রাখার জন্য একটি স্বাধীন কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন।

ক্ষতিপূরণ ও পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি
মামলাকারী শুধু অব্যবস্থা রুখতেই থেমে থাকেননি, তিনি ইক্যুইডিটি টেকনোলজি দ্বারা নেওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি সমস্ত ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন।

বর্তমানে, এসএসসি-র বিভিন্ন ক্যাটাগরির অধীনে প্রায় ৩০ থেকে ৩৬ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। প্রতি বছর আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে, যা প্রায় কোটির কাছাকাছি। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এমন অনিয়ম ও অব্যবস্থার অভিযোগ উঠায় সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কেন্দ্র এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।