বই আনেনি স্কুল! ১০ বছরের খুদেকে রোদে দাঁড় করিয়ে অমানবিক শাস্তি, চিকিৎসাধীন অবস্থাতেই মর্মান্তিক পরিণতি

স্কুলে বই নিয়ে না যাওয়ার মতো ছোট একটি ভুলের জন্য এক ১০ বছরের ছাত্রীকে চরম মূল্য চোকাতে হলো। ক্লাসে বই না আনার অপরাধে ওই ছাত্রীকে প্রচণ্ড রোদের মধ্যে বাইরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। আর সেই অমানবিক শাস্তির ফলেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বিনোদ নগরের একটি সরকারি স্কুলে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অগাস্ট ঘটনাটি ঘটে পূর্ব দিল্লির সার্বোদয়া কন্যা বিদ্যালয়ে। মৃতার পরিবার ও মা অঞ্জলির অভিযোগ, মেয়েকে স্কুলে বই না আনার কারণে শাস্তি হিসেবে তীব্র গরমের মধ্যে বাইরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। স্কুল থেকে ফোন পেয়ে অঞ্জলি দেবী যখন বিদ্যালয়ে পৌঁছন, তখন তিনি মেয়েকে অত্যন্ত অসুস্থ অবস্থায় রোদে দাঁড়িয়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দা ও মৃত ছাত্রীর আত্মীয়রা স্কুলের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত শিক্ষক বা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, পরিবারের আরও গুরুতর অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা ওই শিশুটির উপর দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন, যার ফলে সে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত পাটপড়গঞ্জের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি ঘটনাস্থলে পৌঁছন এবং শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।

Pratik Saha
  • Pratik Saha