নিমন্ত্রণপত্র হাতে নিয়েও মুখ্যমন্ত্রীর সভার বাইরে ধুন্ধুমার! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ফুঁসছেন মহিলারা

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলছে না! মুখ্যমন্ত্রীর সভার সামনে মহিলাদের তুমুল বিক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন
সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে সোমবার বিকেলে তীব্র উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকা। উত্তর ২৪ পরগনা মহিলা সমবায় সমিতির বার্ষিক সম্মেলন উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। কিন্তু সরকারি সভার জাঁকজমকের বাইরে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ এক লহমায় ফেটে পড়ে।
এদিন বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছানোর আগেই বহু মানুষ সেখানে হাজির হন। অভিযোগ ওঠে, হাতে বৈধ আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও পুলিশ অনেককেই সভাকক্ষে ঢুকতে বাধা দেয়। এরপরেই ক্ষুব্ধ মহিলারা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের বঞ্চনার কথা জানাতে সড়কে নেমে পড়েন। তাঁদের স্পষ্ট অভিযোগ, পঞ্চায়েত ও পুরসভার বিভিন্ন স্তরে সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। অনেকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। এমনকি ভোটার তালিকা থেকেও বহু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। প্রশাসনিক স্তরে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর সভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশি তৎপরতা বাড়লেও বিক্ষোভের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির মধ্যমগ্রাম ৩ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মঞ্জু সরকার জানান, সাধারণ মানুষ নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জনপ্রতিনিধিরাও সঠিক সদ্ব্যবহার করছেন না। ঠিক কী কারণে সাধারণ মানুষ এই হেনস্থার শিকার হচ্ছেন এবং কোথায় গেলে এর সমাধান মিলবে, তার কোনো সদুত্তর কেউ দিতে পারছেন না বলেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মহিলারা। সবমিলিয়ে, শাসকদলের এই হাই-প্রোফাইল জনসভার বাইরে সাধারণ মানুষের এই অভাবের অভিযোগ নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে।