এশিয়া কাপে নতুন বিতর্ক, ভারতের বিরুদ্ধে আইসিসি-তে পাল্টা অভিযোগ পাকিস্তানের, কী নিয়ে শুরু ঝামেলা?

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে ভারত ও পাকিস্তানের মধ্যে মাঠের বিতর্ক এখন আইসিসির দরবারে পৌঁছেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) পাকিস্তানি খেলোয়াড় হারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
বিসিসিআই-এর অভিযোগ
তথ্য অনুযায়ী, ২১শে সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত সুপার ফোর ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের আচরণের বিরুদ্ধে বিসিসিআই কঠোর আপত্তি জানিয়েছে। অভিযোগে ভিডিও প্রমাণও জমা দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে:
হারিস রউফ ভারতীয় সমর্থকদের ‘কোহলি-কোহলি’ স্লোগানের জবাবে ‘6-0’ এর ইশারা করছেন।
তিনি ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মার বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
উইকেট নেওয়ার পর সূর্যকুমার যাদবের দিকেও তিনি উসকানিমূলক অঙ্গভঙ্গি করেছেন।
সাহেবজাদা ফারহানের ‘গান ফায়ারিং’ সেলিব্রেশন নিয়েও আপত্তি তোলা হয়েছে, যেখানে তিনি অর্ধশতরান করার পর ব্যাটকে বন্দুকের মতো ব্যবহার করেন।
আইসিসিতে পালটা অভিযোগ পাকিস্তানের
বিসিসিআই-এর অভিযোগের জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি বক্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে আইসিসিতে অভিযোগ দায়ের করেছে। ১৪ই সেপ্টেম্বরের ম্যাচে (ভারত ৭ উইকেটে জয়ী) জয়ের পর সূর্যকুমার যাদব তাঁর জয়টি পেহেলগাম সন্ত্রাসী হামলার নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছিলেন।
সূর্যকুমার যাদব বলেছিলেন, “আমরা দল হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা শুধু খেলতে এসেছিলাম। আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছি। কিছু জিনিস খেলার চেতনার বাইরে চলে যায়। আমরা এই জয় আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি, যারা ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নিয়েছিল। আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলার শিকার পরিবারগুলির পাশে আছি।” পিসিবির দাবি, এই মন্তব্য রাজনৈতিক এবং আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে।