এক সপ্তাহ ধরে বিঘ্নিত রেল পরিষেবা! পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার আগে ট্রেনের সম্পূর্ণ তালিকা দেখে নিন

পুজোর ঠিক আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে এক সপ্তাহ ধরে ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু করে ২৮ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত রেলের ‘রোলিং ব্লক’-এর কারণে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে হাজার হাজার ট্রেন যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, এই রক্ষণাবেক্ষণের কারণে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার: ২৬ ও ২৮ সেপ্টেম্বর বাতিল থাকবে।

৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার: ২৮ সেপ্টেম্বর বাতিল থাকবে।

সংক্ষিপ্ত যাত্রাপথের ট্রেনের তালিকা
৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার: ২৩ ও ২৭ সেপ্টেম্বর এই ট্রেনটি টাটানগর-আসানসোল-বরাভূম সেকশনের পরিবর্তে আদ্রা রেল স্টেশনে তার যাত্রা শেষ করবে।

১৮০১৯/ ১৮০২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস: ২৩, ২৫, ২৬ ও ২৮ সেপ্টেম্বর এই ট্রেনটি গোমো থেকে তার যাত্রা শুরু ও শেষ করবে, ফলে গোমো-হাঁটিয়া সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস: ২২, ২৬ ও ২৮ সেপ্টেম্বর এই ট্রেনটি বোকারো রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু ও শেষ করবে। বোকারো-ধানবাদ সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার: ২২ ও ২৫ সেপ্টেম্বর এই ট্রেনের যাত্রা আদ্রা রেল স্টেশনে সমাপ্ত ও শুরু হবে, ফলে আদ্রা-পুরুলিয়া সেকশনে পরিষেবা বাতিল থাকবে।

এছাড়াও, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস ২ ঘণ্টা বিলম্বে ছাড়বে এবং ২৮ সেপ্টেম্বর বক্সার-টাটানগর এক্সপ্রেস ৯০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করবে। এই আকস্মিক সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রী এবং উৎসবের ছুটিতে বেড়াতে যাওয়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতে পারেন।