মাটন কিমাকেও হার মানাবে নিরামিষের এই পদ! রুটি কিংবা পরোটার সঙ্গে আজই ট্রাই করুন

দুপুরের পাতে সেই একঘেয়ে সয়াবিনের ঝোল খেতে কারোরই আর ভালো লাগে না। অথচ একটু ঝালঝাল এবং মুখরোচক কিছু হলে খাওয়ার মজাই বদলে যায়। যদি ঝটপট কোনো সুস্বাদু এবং স্বাস্থ্যকর পদ বানাতে চান, তবে সেরা বিকল্প হতে পারে এই প্রোটিনসমৃদ্ধ সোয়া ভুর্জি। সোয়া চাঙ্কস বা সোয়া কিমা দিয়ে তৈরি এই পদটি অত্যন্ত মশলাদার ও সুস্বাদু হয়। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং কয়েকটি বিশেষ মশলার জাদুতে এটি যেমন সহজেই তৈরি করা যায়, তেমনই নিরামিষাশীদের জন্য প্রোটিনের চাহিদাও এক নিমিষে পূরণ করে। গরম রুটি, পরোটা বা পুরির সঙ্গে এই পদটি দারুণ জমে যায়। এমনকি বাচ্চাদের টিফিনেও এটি দারুণ মানানসই।

প্রয়োজনীয় উপকরণ

  • সোয়া চাঙ্কস বা সোয়া কিমা: দেড় কাপ

  • পেঁয়াজ: ২টি (কুচি করা)

  • টমেটো: ২টি (কুচি করা)

  • কাঁচালঙ্কা: ২টি (কুচি করা)

  • আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

  • ক্যাপসিকাম: আধ কাপ (কুচি করা)

  • জিরে: ১ চা চামচ

  • হিং: এক-চতুর্থাংশ চা চামচ

  • হলুদ গুঁড়ো: ১ চা চামচ

  • ধনে গুঁড়ো: ১ চা চামচ

  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ

  • পাভ ভাজি মশলা: ১ চা চামচ

  • কসুরি মেথি: ১ টেবিল চামচ

  • পাতিলেবুর রস: ১ টেবিল চামচ

  • তেল বা মাখন: ২ টেবিল চামচ

  • ধনেপাতা কুচি ও নুন: পরিমাণমতো

তৈরি করার সহজ পদ্ধতি

প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য নুন দিন। এবার সোয়া চাঙ্কসগুলি দিয়ে ৫ থেকে ৭ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। সোয়া নরম হয়ে গেলে জল ঝরিয়ে নিন। এরপর ঠান্ডা জলে সোয়া ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে অতিরিক্ত জল বের করে দিন। রান্নার স্বাদ ভালো করতে এই ধাপটি অত্যন্ত জরুরি।

এবার সেদ্ধ করা সোয়া মিক্সিতে দিয়ে পালস মোডে অল্প চালিয়ে দরদরা বা কিমার মতো করে নিন। এরপর কড়াইয়ে তেল বা মাখন গরম করে তাতে জিরে ও হিং ফোড়ন দিন। জিরে থেকে গন্ধ বেরোলে কুচি করা পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং আদা-রসুন বাটা দিয়ে পেঁয়াজ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

এর পর কড়াইয়ে কুচি করা ক্যাপসিকাম, টমেটো এবং সমস্ত গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পাভ ভাজি মশলা দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মিক্সিতে ভেঙে রাখা সোয়া কড়াইয়ে ঢেলে দিন। মশলার সঙ্গে সোয়া ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে আরও ৪ থেকে ৫ মিনিট ভাজুন, যাতে সমস্ত ফ্লেভার এর ভেতরে ঢুকে যায়।

সবশেষে উপর থেকে কসুরি মেথি হাত দিয়ে ঘষে ছড়িয়ে দিন। সঙ্গে পাতিলেবুর রস ও কুচি করা ধনেপাতা মিশিয়ে আর এক মিনিট নেড়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ও চটপটে সোয়া ভুর্জি। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।