‘এক চতুর নার’ নিয়ে দিব্যার বিস্ফোরক মন্তব্য! বক্স অফিস রিপোর্ট কি সত্যিই মিথ্যা?

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত থ্রিলার কমেডি ছবি ‘এক চতুর নার’-এর বক্স অফিস রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবির মূল অভিনেত্রী দিব্যা খোসলা। শুক্রবার মুক্তি পাওয়া এই ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ। ছবির আয় নিয়ে একটি জনপ্রিয় বক্স অফিস পোর্টালের দেওয়া তথ্যকে ‘ভুল’ এবং ‘অবিশ্বাস্য’ বলে দাবি করেছেন দিব্যা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিব্যা একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, “এটা খুবই দুঃখজনক যে কিছু নামী মিডিয়া হাউস সম্পূর্ণ অপ্রমাণিত সূত্র থেকে বক্স অফিস কালেকশন সংগ্রহ করে রিপোর্ট প্রকাশ করছে। আমি সবাইকে অনুরোধ করব, তারা যেন আমাদের ছবির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সঠিক কালেকশন নিয়ে রিপোর্ট তৈরি করেন।”
তিনি আরও বলেন, “ওই বক্স অফিস পোর্টাল আমাদের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই মনগড়া সংখ্যা প্রকাশ করছে। এর আগেও তারা অন্য একটি ছবির ক্ষেত্রে পুরোপুরি ভুল তথ্য দিয়েছিল। এখন আবার ‘এক চতুর নার’-এর ক্ষেত্রেও একই ভুল করছে। এটি অন্যায় এবং দুর্নীতি ছাড়া আর কিছুই নয়।”
দিব্যা অভিযোগ করেন, বর্তমানে অনেক ওয়েবসাইট রিভিউ ও কালেকশনের বিনিময়ে সস্তা ব্ল্যাকমেইল করে থাকে। তিনি মনে করেন, এমন পরিস্থিতিতে মূলধারার গণমাধ্যমের উচিত নির্ভরযোগ্য এবং প্রমাণিত তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা।
তবে ওই পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী, ‘এক চতুর নার’ প্রথম দিনে ০.৬ কোটি এবং দ্বিতীয় দিনে ০.৮ কোটি টাকা আয় করেছে, যা মোট ১.৪ কোটি। যদিও এই আয় কিছুটা কম বেশি হতে পারে, তবে ছবিটি যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন দিব্যাকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন যে, তার সাম্প্রতিক সব ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। আবার অনেকেই বলিউডের বক্স অফিস কালেকশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দিব্যার অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন।