এই পদ্মপাতার আকার দেখলে চমকে যাবেন, বসতে পারবে আস্ত এক মানুষ! কোথায় রয়েছে জানতে পড়ুন

হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো সুবিশাল পদ্মফুল ‘ভিক্টোরিয়া অ্যামাজনিকা’। এর বিশাল আকৃতির পাতা এবং মনোমুগ্ধকর ফুল পর্যটকদের নজর কেড়েছে।
ভিক্টোরিয়া অ্যামাজনিকার বিশেষত্ব
এই জলজ উদ্ভিদটি মূলত অ্যামাজন নদীর অববাহিকার স্থানীয়। এটিকে ‘ভিক্টোরিয়া ওয়াটার লিলি’ বা ‘জায়ান্ট ওয়াটার লিলি’ নামেও ডাকা হয়। এই পদ্মের পাতা ৮-৯ ফুট পর্যন্ত ব্যাসের হতে পারে এবং এটি ৪০-৪৫ কেজি ওজন বহন করতে সক্ষম, যার ফলে একটি শিশু বা হালকা ওজনের একজন মানুষ সহজেই এর উপর ভেসে থাকতে পারবে।
এই পদ্মের ফুলগুলোও আকর্ষণীয়। এটি দিনে একাধিকবার রং বদলায়, কখনও কমলা, কখনও হালকা গোলাপি এবং কখনও সাদা রঙের হয়। বিশাল পাতার তুলনায় এর ফুলগুলো আকারে ছোট হয় এবং এতে অসংখ্য পাপড়ি থাকে। বোটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা ডঃ দেবেন্দ্র সিং জানান, উপযুক্ত মাটি, জল এবং পরিবেশ পেলে এই উদ্ভিদে ১০-১২টি পর্যন্ত পাতা হতে পারে এবং সাড়ে চার ফুট গভীর জলে এটি ভালো জন্মায়।
বর্তমানে এই পদ্মগুলো বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, যেমন বিখ্যাত বটগাছের পাশের লেক, কিংস লেক এবং চরক উদ্যানের মধ্যের জলাশয়ে।