‘এই ধ্বজা ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক’, রাম মন্দিরের শিখরে বিশাল পতাকা উত্তোলন করে বিকশিত ভারতের বার্তা মোদীর

ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে ২০৪৭ সালে, আর তার আগেই বিকশিত ভারত গড়া হবে, যা রাম রাজ্যের অনুপ্রেরণায় গড়ে উঠবে—অযোধ্যার রাম মন্দিরের শিখরে বিশাল ধ্বজা উত্তোলন করে মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার পুণ্য তিথি ও শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে রাম রাজ্যের প্রতীক এই বিশালাকার পতাকাটি উত্তোলন করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
‘৫০০ বছরের যজ্ঞ ও সাধনার ফল’:
ধ্বজা উত্তোলনের পর বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ গোটা পৃথিবী রামময়। কত শতাব্দীর ক্ষত আজ পূরণ হল। কত শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেল। ৫০০ বছরের যজ্ঞ ও সাধনার ফল এই মন্দির। এত বছর ধরে সেই যজ্ঞাগ্নী নেভানো হয়নি।”
প্রধানমন্ত্রী এই ধ্বজাটিকে কেবল একটি পতাকা নয়, বরং “ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই ধ্বজা সংকল্পের, সাফল্যের, সংঘর্ষে স্বপ্ন পূরণের এবং ভেদাভেদ ও পীড়া থেকে মুক্তির।
রাম রাজ্যের ভাবনা:
মোদী বলেন, রাম মন্দিরে এলে সকলে সপ্ত মণ্ডপমে আসবেন। এটি বিশ্বাস, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। তিনি রাম রাজ্যের ভাবনা তুলে ধরে বলেন, “আমাদের রাম ভেদাভেদ নয়, সদ্ভাবে প্রসন্ন হন। বংশ-কুল নয়, ভক্তিতে প্রসন্ন হন।”
তিনি জানান, গত ১১ বছরে তাঁর সরকার নারী, দলিত, আদিবাসী, বঞ্চিত, কৃষক, যুবক—সব বর্গকে উন্নয়নের কেন্দ্রে রেখেছে। আগামী ২০৪৭ সালের মধ্যে রাম রাজ্যের অনুপ্রেরণায় দারিদ্র্য ও দুঃখমুক্ত বিকশিত ভারত গড়ার কাজ শেষ হবে।
ঐতিহাসিক পতাকার বিশেষত্ব:
মন্দিরের শিখরে ৪২ ফুট দীর্ঘ দন্ডের ওপর ১০ ফুট উঁচু এবং ২০ ফুট দীর্ঘ এই গেরুয়া পতাকাটি বসানো হয়েছে।
এই পতাকায় সূর্য, ‘ওঁ’ চিহ্ন এবং দেব কাঞ্চন গাছের প্রতীক রয়েছে। অতীতে এই প্রতীকগুলি সূর্য বংশের পতাকায় ব্যবহার করা হতো।
মেবারের রামায়নের একটি চিত্র নিয়ে ভারততত্ত্ববিদ ললিত মিশ্রের গবেষণার ভিত্তিতে এই পতাকার আদল তৈরি করা হয়েছে, যা তিন কিলোমিটার দূর থেকেও দেখা যাবে।
মঙ্গলবার এই পতাকা উত্তোলনের মাধ্যমে রাম মন্দিরের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে মন্দির কমিটি জানিয়েছে।