উৎসবের মেজাজে পরীক্ষা! প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে মেধা অনুসন্ধান, কী হবে এই ১০০ জনের ভবিষ্যৎ?

মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করে তাদের ভবিষ্যতে শিক্ষার দায়িত্ব নেওয়ার এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। কান্দি পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বছর প্রথম আয়োজিত হল ‘শিশু মেধা অনুসন্ধান পরীক্ষা ২০২৫’।
৭৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
এই পরীক্ষায় কান্দি বিধানসভার ১১টি পঞ্চায়েত এবং পুরসভা এলাকার মোট ২৪টি স্কুল থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ৭৮০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। স্থানীয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রশ্নপত্র তৈরি করেছেন এবং তাঁরাই উত্তরপত্র দেখবেন। উৎসবের মেজাজে ১০০ নম্বরের এই পরীক্ষাটি নেওয়া হয়।
প্রথম ১০০ জনের ভবিষ্যৎ দায়িত্ব নিলেন বিধায়ক
বিধায়ক অপূর্ব সরকার জানান, বহু মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ৭৮০০ জনের মধ্যে থেকে প্রথম ১০০ জনকে বাছাই করে নেওয়া হবে। আগামী দিনে তাদের পড়াশুনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।
কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, এই বছর প্রথম বৃত্তি পরীক্ষার মতোই এই মেধা অনুসন্ধান পরীক্ষা চালু করা হলো এবং এটি প্রতি বছর অনুষ্ঠিত হবে। এর ফলে ছাত্রছাত্রীরা নিজেদের মেধার পরিচয় দেওয়ার সুযোগ পাবে।
পরীক্ষা চলাকালীন কান্দি বিধায়ক অপূর্ব সরকার এবং কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বিভিন্ন স্কুলে গিয়ে সানন্দে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের পরিদর্শন করেন।