‘উষ্ণ হাওয়ার’ দাপট! শীতের জামা এখনই তুলে রাখুন? কবে ফিরবে কনকনে ঠান্ডা? যা জানাল হাওয়া অফিস

ভরা কার্তিক মাস! রাজ্যজুড়ে কয়েকদিনের শীতের আমেজ আপাতত থমকে যাওয়ার পথে। ভোরের দিকে পশ্চিমাঞ্চলে যে স্বাভাবিকের নীচে তাপমাত্রা নামছিল, তা এবার বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সংক্রান্তি পেরোলেই দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা। অর্থাৎ এই সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো পূর্বাভাস নেই।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বঙ্গে বাতাসের গতিপথে পরিবর্তন আসছে। এই নিম্নচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে বৃহস্পতিবার পর্যন্ত উত্তুরে হাওয়ার দাপট কমবে এবং প্রাধান্য পাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা উষ্ণ হাওয়া।
সোমবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা বাড়বে। একই ট্রেন্ড দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বস্তির খবর, আপাতত বঙ্গে কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। আকাশ প্রধানত শুষ্ক থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশার চাদর দেখা যেতে পারে।
তবে কি শীতের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে? আবহাওয়াবিদদের অনুমান, শনিবারের পর মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তী ৭২ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে সেই ডিসেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।