‘উনি আমার বন্ধু, পরকীয়া নয়!’ পার্থর ‘বান্ধবী’ মন্তব্যে সায় দিলেন অর্পিতা মুখোপাধ্যায়, কী বললেন গ্রেফতারি প্রসঙ্গে?

জেল থেকে মুক্তির পরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি এড়িয়ে যাননি, বরং তাঁকে ‘বান্ধবী’ বলে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন। এবার পার্থর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পার্থর কথায় সায় দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে তাঁদের মধ্যে কোনো পরকীয়া সম্পর্ক নেই।
অর্পিতা মুখোপাধ্যায় বলেন, “উনি যদি আমাকে বান্ধবী ভাবেন আমি তো বন্ধু বলে মানবই। উনি তো আমার বন্ধুই। বান্ধবীতে তো অসুবিধার কিছু নেই। এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়।”
যোগাযোগ নেই, তবে ভরসা আছে বিচারে:
অর্পিতা আরও জানান, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর এখনও তাঁর সঙ্গে কোনো কথা হয়নি বা যোগাযোগ হয়নি। ভবিষ্যতে কথা বলবেন কিনা, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন।
তবে, পার্থর সেই মন্তব্য— ‘তাঁর (পার্থর) বাড়ি থেকে টাকা পাওয়া যায়নি, তাঁর বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে’— প্রসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি বিচারাধীন। বিচারের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।”
গ্রেফতারি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অর্পিতা বলেন, “আমি ২ বছর ৪ মাস জেল খাটছি। বাংলায় একটা মেয়েকে সকালে বাড়ি থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। কেউ কিছু বলল না সেটা নিয়ে। আমার কারও প্রতি রাগ বা অভিমান নেই। সত্যি কী, সেটা সময়ই বলে দেবে।”
পার্থর রাজনীতি নিয়ে ‘উদাসীন’ অর্পিতা:
পার্থ চট্টোপাধ্যায় রাজনীতিতে ফিরবেন কিনা, তা নিয়ে রীতিমতো উদাসীনতা প্রকাশ করেছেন অর্পিতা। তিনি স্পষ্ট জানান, পার্থর রাজনীতি দেখে তিনি তাঁর সঙ্গে বন্ধুত্ব করেননি এবং তাঁকে একুশে জুলাইয়ের মঞ্চেও দেখা যায়নি বলেও দাবি করেন। তবে তিনি শুভ কামনা জানিয়ে বলেন, “আগামীর লড়াইয়ে উনি যেন এগিয়ে যেতে পারেন। মানুষের কাছে এখন ওঁকে অনেক কিছু প্রমাণ করতে হবে। মানুষের সম্মুখীন তে হতে হবে ওঁকেই।”