ই-২০ পেট্রোলে গাড়ি নষ্ট! ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়াল এবার দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন

ইথানল মিশ্রিত ই-২০ পেট্রোল (E20 Petrol) নিয়ে সাধারণ মানুষ ও গাড়িচালকদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের জেরে এবার আসরে নামল আম আদমি পার্টি (AAP)। ই-২০ পেট্রোলের জেরে গাড়ির ইঞ্জিন ও মাইলেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে দেশজুড়ে জনমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ আগস্ট দিল্লির কন্সটিটিউশন ক্লাবে ই-২০-এর বিরুদ্ধে একটি বিশেষ ‘জাতীয় টাউনহল’ (Town Hall)-এর আয়োজন করেছে দলটি।

টাউন হল ও অনলাইনে যোগদানের পদ্ধতি

অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে, এই জাতীয় টাউন হলে মানুষ সশরীরে অথবা অনলাইনে যুক্ত হতে পারবেন। দিল্লির কন্সটিটিউশন ক্লাবে আগামী শনিবার দুপুর ১২টায় (সশরীরে যোগদাতাদের সকাল ১১:৩০ টার মধ্যে পৌঁছাতে হবে) এই কর্মসূচি শুরু হবে।

যাঁরা দিল্লির বাইরে থেকে অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হতে চান, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে:

  • আগামী শুক্রবার সন্ধ্যার মধ্যে ৮৫৮৮৮৩৩২১২২ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে।

  • দলের পক্ষ থেকে একটি বিশেষ লিঙ্ক পাঠানো হবে।

  • সেই লিঙ্কে ক্লিক করে শনিবার সকাল ১১:৩০-এর পর যে কোনো সময় এই অনলাইন টাউন হলে যুক্ত হওয়া যাবে।

গাড়ির ক্ষতি ও সরকারের প্রতি কেজরিওয়ালের বার্তা

সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, ই-২০ পেট্রোলের কারণে সাধারণ মানুষের যানবাহন ও মাইলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি আরও গুরুতর রূপ ধারণ করার আগেই প্রধানমন্ত্রীকে এই সমস্যার সমাধান করার অনুরোধ জানান তিনি। বিশেষজ্ঞ, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও ই-২০ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের এই টাউন হলে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। এই প্ল্যাটফর্ম থেকেই সরকারকে ই-২০ নীতি প্রত্যাহারে বাধ্য করার পরবর্তী রাজনৈতিক ও জন আন্দোলনমুখী কৌশল ঠিক করা হবে বলে জানিয়েছেন আপ সুপ্রিমো।