নাসার ওরিয়ন মহাকাশযানটি শুক্রবার সফলভাবে ‘ট্রান্সলুনার ইনজেকশন বার্ন’ প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রায় ৬ মিনিট ধরে মহাকাশযানের মূল ইঞ্জিন চালু রেখে ৬,০০০ পাউন্ড থ্রাস্ট তৈরি করা হয়, যা যানটিকে পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে চাঁদের দিকে নিখুঁতভাবে ঠেলে দিয়েছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের খবর নিশ্চিত করে জানান, আমেরিকা আবারও চাঁদে আধিপত্য বিস্তারে প্রস্তুত।
এই ঐতিহাসিক মিশনে রয়েছেন মহাকাশচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। বৃহস্পতিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করার পর মহাকাশচারীরা বর্তমানে মহাকর্ষহীন অবস্থায় রুটিনমাফিক কাজ ও ব্যায়ামের মাধ্যমে শরীর ঠিক রাখছেন। প্রায় ১০ দিনের এই মিশনে চাঁদের চারপাশ ঘুরে দেখার পর প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে পৃথিবীতে ফিরবেন তাঁরা। এই মিশনের সাফল্যই ভবিষ্যতে চাঁদের মাটিতে সরাসরি নভোচারী নামানোর পথ প্রশস্ত করবে।





