ইতিহাসের দোরগোড়ায় বাঙালি! এবার ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সৈকত চক্রবর্তী

নিউইয়র্কের সিটি কাউন্সিলর পদে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানির (Zohran Mamdani) ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন রাজনীতিতে (US Politics) নতুন মাইলফলক তৈরি করার পথে আরও এক দক্ষিণ এশীয় ডেমোক্র্যাট (Democrat)। তিনি হলেন বাঙালি তরুণ সৈকত চক্রবর্তী।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্রের সাফল্যের পর এবার হার্ভার্ডের প্রাক্তনী এই বঙ্গতনয়কে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)।

ন্যান্সি পেলোসির আসন: সৈকতের সামনে সুবর্ণ সুযোগ
মার্কিন কংগ্রেসের (US Congress) ইতিহাসে এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। ১৯৮৭ সাল থেকে স্যান ফ্রান্সিসকোর যে আসনে ডেমোক্র্যাট পার্টির কিংবদন্তি নেত্রী ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) ছিলেন অজেয়, সেই আসনটি খালি হতে চলেছে। আগামী বছর আর ভোটে দাঁড়াতে চাইছেন না পেলোসি। আর এই সুযোগেই ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার জোরালো আশা তৈরি হয়েছে ৩৯ বছর বয়সী সৈকত চক্রবর্তীর কাছে।

প্রগতিশীল নেতা: জোহরান মামদানির মতোই সৈকতও প্রগতিশীল তরুণ নেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয়।

মামদানির প্রশংসা: জোহরানের ঐতিহাসিক জয়কে অনুপ্রেরণামূলক আখ্যা দিয়ে সৈকত বলেন, “সঠিক পরিবর্তনের জন্য যদি সংগঠিত ভাবে মানুষ লড়াই করে তবে সংগঠিত ভাবে দেখানো অর্থের লোভও কাজে আসে না।”

এজেন্ডা: মামদানির সঙ্গে তাঁর অ্যাজেন্ডায় রয়েছে বড্ড মিল— মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং পরিকাঠামোগত সংস্কার।

কম্পিউটার সায়েন্স থেকে রাজনীতিতে উত্তরণ
বাঙালি অভিবাসী পরিবারে টেক্সাসে জন্ম সৈকত চক্রবর্তীর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাশ করে স্যান ফ্রান্সিসকোতে একটি স্টার্ট আপ শুরু করেন। এরপর ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি স্ট্রাইপে যোগ দেন।

রাজনৈতিক হাতেখড়ি: ২০১৫ সালে সেনেটর বার্নি সান্ডার্সের (Bernie Sanders) প্রচারে কাজ শুরু করেন।

জাস্টিস ডেমোক্র্যাট: ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল ‘জাস্টিস ডেমোক্র্যাট’— যার কাজ ছিল দীর্ঘদিনের সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তরুণ প্রার্থীদের সাহায্য করা।

কৌশলী মস্তিষ্ক: ২০১৮ সালে অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের (Alexandria Ocasio-Cortez) ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিলেন সৈকত। এরপর অ্যালেকজান্দ্রিয়া তাঁকে নিজের চিফ অফ স্টাফ নিযুক্ত করেন।

বিপ্লবী ভাবনা: তিনি চিরাচরিত ধাঁচে নয়, বরং ডেমোক্র্যাট পার্টির খোলনলচে বদলে দেওয়ার শপথ নিয়েছেন এবং সম্পদ কর (Wealth Tax) চালুর বিষয়ে সরব হয়েছেন।

৬ষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত সদস্য?
বর্তমানে মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত ৫ জন সদস্য রয়েছেন। সৈকত চক্রবর্তী ৬ নম্বর হতে পারবেন কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর জুন মাস পর্যন্ত। তবে হার্ভার্ডের প্রাক্তনী এই বঙ্গতনয়ের উত্থান মার্কিন রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে, যা পুরাতনপন্থী ডেমোক্র্যাটদের মধ্যেও কিছুটা উষ্মার কারণ হয়ে দাঁড়াচ্ছে।