আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর আবহাওয়ায় এবার ধরা দিল এক দারুণ মিষ্টি মুহূর্ত। পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার ইতালির রাজধানী রোমে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে এসেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে তুলে দেন ভারতের অত্যন্ত জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ চকলেটের প্যাকেট। এই মিষ্টি উপহারের মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় আসতেই পড়ে গেছে শোরগোল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চকলেটের প্যাকেটসহ ভিডিও শেয়ার করে মেলোনি লেখেন, “উপহারের জন্য ধন্যবাদ।” ভিডিওতে মেলোনিকে উচ্ছ্বাসের সঙ্গে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটা উপহার এনেছেন… দারুণ একটা টফি!” পাশ থেকে মোদী হাসিমুখে বলেন, “মেলোডি।” মেলোনি ও মোদীর বন্ধুত্বের সমীকরণকে নেটিজেনরা দীর্ঘদিন ধরেই ‘মেলোডি’ হ্যাশট্যাগ দিয়ে উদযাপন করে আসছেন। চকলেটের নামটিও ‘মেলোডি’ হওয়ায় এই উপহার নির্বাচন সোশ্যাল মিডিয়ায় এক বাড়তি মাত্রা যোগ করেছে।
এর আগে রোমে পৌঁছালে মেলোনি প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিজের এক্স হ্যান্ডেলে একটি সেলফি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগত, আমার বন্ধু!” দুই নেতা এরপর ঐতিহাসিক কোলোসিয়াম পরিদর্শন করেন এবং নৈশভোজে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এছাড়া ইতালির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে মোদীর যাওয়ার কর্মসূচি রয়েছে। ভারত ও ইতালির মধ্যে ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা যখন নতুন উচ্চতায়, তখন এই চকলেটের উপহার দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মধুর করে তুলল।





