এক সাধারণ ব্যক্তিকে হেনস্থা ও মারধরের অভিযোগে ব্যাপক আইনি বিপাকে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুরবাড়ির সদস্যরা। মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় এক ব্যক্তিকে সপরিবারে হেনস্থা ও আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক এবং এক ঘনিষ্ঠ আত্মীয়কে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটি ঘটে গত শনিবার রাত ৯টা নাগাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকুল্লার স্থানীয় বাসিন্দা ইউসুফ খান সপরিবারে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। বর্ষার জমা জলে রাস্তা কিছুটা জলমগ্ন ছিল। একটি গর্তে গাড়ির চাকা পড়লে রাস্তার নোংরা জল ছিটকে গিয়ে লাগে ইউসুফ পাঠানের আত্মীয় শোয়েব খানের (৩৫) গায়ে। অভিযোগ, এরপরই বচসা শুরু হয়। শোয়েব খানের দাবি অনুযায়ী, চালক গাড়ি থামিয়ে ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি।
অল্প সময়ের মধ্যেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালকসহ তাঁদের আত্মীয়রা মিলে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবার পুলিশের দ্বারস্থ হলে মুম্বই পুলিশ তদন্তে নামে। তদন্তের পর গত রাতে ইউসুফের শ্বশুর ও শ্যালকসহ তিনজনকে গ্রেফতার করে বাইকুল্লা থানার পুলিশ। তবে সূত্রের খবর, এই ঘটনায় জড়িত আরও এক আত্মীয় এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। একজন জনপ্রিয় ক্রিকেটার ও জনপ্রতিনিধির আত্মীয়দের এমন আচরণে স্বাভাবিকভাবেই জনমানসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।





