আস্ত রেললাইন থেকে চুরি হাই ভোল্টেজ তার! স্তব্ধ পাটনা-গয়া রুটের ট্রেন চলাচল

বিহারের জহানাবাদে ঘটে গেল এক অবিশ্বাস্য চুরির ঘটনা। পাটনা-গয়া রেলখণ্ডের মদারপুর রেলগেটের কাছে প্রায় ৩৫ মিটার বা ১০০ ফুট লম্বা হাই টেনশন ওভারহেড ইলেকট্রিক তার চুরি হয়ে গেছে। ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহকারী এই তার চুরির ফলে এই ব্যস্ত রুটে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

ঘটনাটি জানাজানি হতেই রেল দপ্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, চোরেরা খুব সুপরিকল্পিতভাবে এই কাজ করেছে। আশ্চর্যজনক বিষয় হলো, ঘটনাস্থলটি আরপিএফ পোস্ট ও জিআরপি থানা থেকে বেশ কাছেই অবস্থিত, তবুও চোরেরা নির্বিঘ্নে তার কেটে পালাতে সক্ষম হয়। পুলিশ তদন্তের খাতিরে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

রেলের প্রযুক্তিগত দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে তার মেরামত করলে সকাল সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় গঙ্গা-দামোদর এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, পালামু এক্সপ্রেস এবং গয়া-পাটনা মেমু-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়। জহানাবাদ রেল থানার ইনস্পেক্টর প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ ছিল, সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এই কাজ করেছে। পাটনা-গয়া রুটে বন্দে ভারত ও জনশতাব্দীর মতো গুরুত্বপূর্ণ ট্রেন চলে, তাই এই চুরির ঘটনা রেলের সুরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।