আর রেশন নয় আয়করদাতাদের! ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড বাতিল করার নির্দেশ কেন্দ্রের

রেশন কার্ড (Ration Card) নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যারা নিয়মিত আয়কর দেন, তারা আর রেশন সুবিধা পাবেন না। একই সঙ্গে যারা আর্থিকভাবে স্বচ্ছল, তাদের রেশন কার্ডও বাতিল করা হবে। ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এই কার্ডগুলো বাতিল করার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী, শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষরাই সস্তায় বা বিনামূল্যে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য। এই তালিকায় ধনী, করদাতা, বা সরকারি চাকরিজীবীরা থাকতে পারেন না। কিন্তু সারা দেশে এই নিয়ম লঙ্ঘন করে অনেকেই এই সুবিধা নিচ্ছেন।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ডকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ নিয়মিত আয়কর দেন। তথ্য বিশ্লেষণ করে আরও জানা গেছে যে, প্রায় ৫ লক্ষ ৩১ হাজার রেশন কার্ডধারী কোনো না কোনো সংস্থার মালিক এবং ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর নামে গাড়ি রয়েছে।

শুধু দিল্লিতেই ৬ লক্ষ ৭২ হাজার এমন কার্ড মিলেছে, যাদের ব্যাঙ্কে মোটা টাকা আছে বা যারা উচ্চপদে চাকরি করেন। সারা দেশেই একই চিত্র। তাই কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, এই কার্ডগুলো স্বেচ্ছায় জমা না দিলে জরিমানা করা হবে।

সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, অবৈধ রেশন কার্ড বাতিল করে প্রকৃত গরিব এবং দরিদ্র মানুষদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তা বলেন, “রেশন সবার জন্য নয়। শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগীরাই এই সুবিধা পাবেন।”