উত্তরপ্রদেশের রামপুরের সমাজবাদী পার্টির দাপুটে নেতা আযম খানকে বড়সড় ধাক্কা দিল আদালত। ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন রামপুরের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য করে চরম বিতর্কিত এবং অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। এক নির্বাচনী জনসভায় অফিসারদের লক্ষ্য করে তিনি বলেছিলেন, “এরা মাইনে খায় (তনখইয়া), এদের দিয়ে জুতো পরিষ্কার করাবো।” তাঁর এই অহঙ্কারী মন্তব্য সেসময় রামপুর থেকে দিল্লি পর্যন্ত আলোড়ন সৃষ্টি করেছিল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় আজ শনিবার (১৬ মে) রামপুরের বিশেষ এমপি-এমএলএ (MP-MLA) কোর্ট আযম খানকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় শুনিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার শুনানির পর আদালতের এই রায়ে সমাজবাদী পার্টির অন্দরে জোর ধাক্কা লেগেছে। বর্তমানে আযম খান এবং তাঁর ছেলে আবদুল্লাহ আযম অন্য একটি জালিয়াতি মামলায় রামপুর জেলেই বন্দি রয়েছেন। এই সাজার ফলে তাঁর আইনি ও রাজনৈতিক সংকট আরও গভীর হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।





