‘আমাদের বেরিয়ে যেতে বলা হয়েছে!’ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নজিরবিহীন সংঘাত, রণমূর্তিতে ডেরেক

নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত এবার চরমে পৌঁছল। বুধবার সকালে দিল্লির নির্বাচন সদনে কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ এবং আইনজীবী মেনকা গুরুস্বামীর নেতৃত্বাধীন তৃণমূলের এক প্রতিনিধি দল। কিন্তু বৈঠক সেরে বেরিয়ে আসার পরই কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদরা।

ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, আলোচনার মাঝপথেই তৃণমূল সাংসদদের ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে ডেরেক বলেন, “আমাদের বেরিয়ে যেতে বলা হয়েছে। আমরা আমাদের অভাব-অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু যে ধরনের আচরণ করা হয়েছে তা নজিরবিহীন।” তৃণমূলের দাবি, বিরোধীদের কথা শোনার পরিবর্তে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কমিশন।

ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা এবং ভোটার তালিকা সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে এদিন কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসক দল। তবে কমিশনের দফতরে এই ‘বেরিয়ে যাওয়ার নির্দেশ’ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতৃত্বের দাবি, কমিশনের এই একপাক্ষিক মনোভাব গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে তারা বড়সড় আন্দোলনের পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।