‘আমরা এটা ফিরে পেতে চাই’, বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের মন্তব্যে শোরগোল!

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা এটি ফিরে পাওয়ার চেষ্টা করছি। কারণ চিন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে, সেখান থেকে এটি এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। তাই অনেক কিছুই ঘটছে।” ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্বের দিকে ইঙ্গিত করছে। এই ঘাঁটিটি চিনের খুব কাছে হওয়ায় ভূ-রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করে এটিকে কৌশলগতভাবে সঠিক বলে অভিহিত করেছেন।
ট্রাম্পের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে চিন। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চিন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে। আফগানিস্তানের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকা উচিত।” তিনি এই অঞ্চলে সংঘাত উস্কে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।
অন্যদিকে, তালিবানও এই বিষয়ে কঠোর বার্তা দিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, “আফগানিস্তানের এক ইঞ্চি মাটিতেও বিদেশি সামরিক উপস্থিতি গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু সামরিক উপস্থিতির বিষয়ে নয়।
আফগান রাজনৈতিক বিশ্লেষকরাও শক্তি প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, যদি আলোচনায় কোনো বোঝাপড়ার সুযোগ থাকে, তবে তা ইতিবাচক ফল দিতে পারে। কিন্তু শক্তি প্রয়োগ করা হলে আফগান জনগণ তার জবাব দিতে প্রস্তুত।