‘ওম শান্তি ওম’ থেকে ‘কিং’, ১৮ বছর পর সেই একই মন্ত্রে বিশ্বাস রেখে আবারও শাহরুখের সঙ্গে দীপিকা!

বক্স অফিসে একের পর এক ব্লকবাস্টার হিট দেওয়ার পর বলিউড বাদশা শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জুটি এবার আবারও একসঙ্গে ফিরছে। ‘ওম শান্তি ওম’-এর পর থেকে দর্শক মহলে এই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। এবার তারা একসঙ্গে কাজ করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘কিং’-এ।

‘মানসিক শান্তি’র খোঁজে দীপিকা
সম্প্রতি বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি থেকে সরে এসে দীপিকা সবাইকে অবাক করে দিয়েছেন। সন্দীপ রেড্ডি ভাঙার ছবি ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ব্লকবাস্টার হিট ‘কল্কি 2898 এডি’-র সিক্যুয়েল থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে দীপিকা জানান, তার কাছে সাফল্যের চেয়ে ‘মানসিক শান্তি’ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি জীবনে সবসময় সততা আর অথেন্টিসিটির উপর ভরসা করি। কোনও জটিল পরিস্থিতিতে পড়লে আমি মনের কথা শুনি। সেই সিদ্ধান্তেই স্থির থাকি, যা আমাকে মানসিক শান্তি দেয়।”

শাহরুখের সঙ্গে ষষ্ঠ ছবি
গত কয়েক মাস ধরে তার এই সিদ্ধান্তের জন্য দীপিকার সমালোচনা হয়েছে। ‘স্পিরিট’ থেকে সরে আসার পর সন্দীপ রেড্ডি ভাঙা সরাসরি দীপিকার নাম না করলেও তার বিরুদ্ধে ‘কমবয়সী অভিনেতাদের অপমান’ এবং ‘গল্প ফাঁস’-এর মতো অভিযোগ আনেন। যদিও দীপিকা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে এসব বিতর্কের অবসান ঘটিয়ে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ও ওম’ ছবির শুটিংয়ের সময় ও আমাকে যে প্রথম শিক্ষা দিয়েছিল, তা হলো – একটি সিনেমা বানানোর অভিজ্ঞতা এবং যাঁদের সঙ্গে কাজ করছ, তাঁদের গুরুত্ব সাফল্যের চেয়ে অনেক বেশি। আমি সেই কথার সঙ্গে সম্পূর্ণ একমত। হয়তো সেই কারণেই আজ আমরা আবার একসঙ্গে আমাদের ষষ্ঠ সিনেমা বানাচ্ছি?”

শাহরুখ-দীপিকার এই নতুন ছবি, ‘কিং’-এ তাদের সঙ্গে দেখা যাবে সুহানা খান, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াতের মতো তারকাদের। এর পাশাপাশি দীপিকা এখন আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির আসন্ন ছবি ‘AA22xA6’-এর শুটিং করছেন।