আবারও নাবালিকার ওপর পাশবিক নির্যাতন! প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বারাসতে

রাজ্যজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই হাবরা ও বনগাঁয় নাবালিকাদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত থেকে এল এক ভয়াবহ খবর। সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল ঘটনার রাতে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বারাসতের ওই এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান চলছিল। মা-সহ চার বছর বয়সী ওই শিশুকন্যাটিও সেখানে গিয়েছিল। রাত ৮টা নাগাদ শিশুটি একা বাড়ি ফিরতে চাইলে সুযোগ বুঝে পাশের বাড়ির ওই যুবক তার মুখ চেপে ধরে বাড়িতে তুলে নিয়ে যায়। অভিযোগ, সেখানে ওই যুবক শিশুকন্যাটিকে ধর্ষণের চেষ্টা করে। কোনক্রমে হাত ছাড়িয়ে সে পালিয়ে বাড়িতে চলে আসে। বৃহস্পতিবার শিশুটি অসুস্থ বোধ করলে সে তাঁর বাবাকে গোটা বিষয়টি খুলে বলে। এরপরই বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা।

পুলিশের ভূমিকা ও এলাকাবাসীর ক্ষোভ অভিযোগ পাওয়ার পরই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও করেন এবং মারধর শুরু করেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃত যুবকের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বারাসত আদালতে পেশ করা হয়। বর্তমানে নির্যাতিতা শিশুকন্যার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

লাগামহীন অপরাধ প্রবণতা? সাম্প্রতিককালে হাবরায় সৎ বাবা ও সৎ দাদুর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ এবং বনগাঁয় সৎ বাবার লালসার শিকার হওয়া কিশোরীর ঘটনা রাজ্য রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। একের পর এক এমন ঘটনায় নারী ও শিশু সুরক্ষা নিয়ে জনমনে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। বারাসতের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।