আবর্জনার ভাণ্ডার থেকে শিল্পের বিস্ময়! ফেলে দেওয়া লোহার জিনিসে তৈরি দেবী দুর্গা পাড়ি দেবে হায়দরাবাদ

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ একটি অভিনব দুর্গা প্রতিমা তৈরি করে পরিবেশ রক্ষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণত মাটি ও খড় দিয়ে প্রতিমা তৈরি হলেও, রাজু আবর্জনা বা ফেলে দেওয়া লোহার জিনিসপত্র ব্যবহার করে এই প্রতিমাটি তৈরি করেছেন। তার তৈরি এই প্রতিমা পাড়ি দেবে হায়দরাবাদ।
দু’ফুট উচ্চতার এই প্রতিমাটি তৈরি হয়েছে ফেলে দেওয়া নাট-বল্টু, জিআই তার, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি এবং অন্যান্য অব্যবহৃত উপকরণ দিয়ে। একজন গ্রাহক সোশ্যাল মিডিয়ায় রাজুর কাজ দেখে মুগ্ধ হয়ে হায়দরাবাদ থেকে এই প্রতিমার অর্ডার দিয়েছেন। গত দুই সপ্তাহ ধরে রাজু ও তার সহযোগীরা এই কাজ করে চলেছেন।
রাজু জানান, তার এই কাজের মূল উদ্দেশ্য হলো সমাজকে একটি বার্তা দেওয়া—ফেলে দেওয়া আবর্জনাও সঠিক সৃজনশীলতার মাধ্যমে শিল্পে পরিণত হতে পারে। তার মতে, পরিবেশবান্ধব চিন্তা এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহারই আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন।
এই কাজে রাজুকে স্থানীয় কয়েকজন যুবকও সহযোগিতা করছেন। তারা রাজুর কাছে কাজ শিখে নিজেদের স্বাবলম্বী করতে চাইছেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাড়তি রোজগারও করতে পারছে।