আম আদমি পার্টির (AAP) অন্দরে ফাটল কি তবে আরও চওড়া হচ্ছে? পাঞ্জাবের রাজনীতিতে গত ২৪ ঘণ্টায় রাঘব চাড্ডাকে কেন্দ্র করে যা ঘটল, তাতে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। রাজ্যসভা দলের ডেপুটি লিডার পদ থেকে রাঘবকে সরানোর কয়েক দিনের মধ্যেই তাঁর ওপর থেকে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা কভার প্রত্যাহার করে নিল পাঞ্জাব সরকার। বুধবার তড়িঘড়ি ৩৭ বছর বয়সী এই নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের হেডকোয়ার্টারে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়।
পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের এখনও বছরখানেক বাকি থাকলেও, রাঘবকে ঘিরে শাসক শিবিরের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে নাটকের আসল অংশ শুরু হয় এর পরেই। পাঞ্জাব সরকার নিরাপত্তা সরাতেই মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লির এই তরুণ সাংসদকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুনরায় ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে থাকাকালীন তিনি ‘Z’ ক্যাটাগরি এবং রাজধানীর বাইরে ‘Y’ ক্যাটাগরির সুরক্ষা পাবেন।
দলের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েনের জেরেই পাঞ্জাব সরকার রাঘবের নিরাপত্তা কেড়ে নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক দ্রুততার সঙ্গে রাঘব চাড্ডার সুরক্ষাকবচ নিশ্চিত করল, তাতে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আম আদমি পার্টির অন্যতম এই তরুণ তুর্কি এবার বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন? আপ-এর অন্দরে ব্রাত্য হওয়া রাঘবকে কেন্দ্রের এই ‘ভিআইপি’ খাতির কি বড় কোনো রাজনৈতিক দলবদলের পূর্বাভাস? এই জল্পনায় এখন তোলপাড় দিল্লি থেকে চণ্ডীগড়।





