‘আগে ২৫০ পার করে দেখান’-বিহার জিতেই ‘বাংলা দখলের’ হুঙ্কার গিরিরাজের, পাল্টা জবাব কুনালের

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের ভূমিধস জয়ের আভাস আসতেই এবার সরাসরি পশ্চিমবঙ্গ জয়ের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গণনার ঘণ্টাখানেকের মধ্যেই নীতীশ কুমারের জেডিইউ ও বিজেপির জোট ম্যাজিক ফিগার পার করে যাওয়ায় দিল্লি এবং গেরুয়া শিবিরে এখন খুশির হাওয়া।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গলায় আজ তক-কে শোনা যায় তীব্র আত্মবিশ্বাসের সুর। তিনি স্পষ্ট বলেন, “এই জয় বিজেপির। এবার বাংলার পালা।” কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে, বিজেপি এবার বাংলা দখল করতে বদ্ধপরিকর।
কুণাল ঘোষের কড়া জবাব: ‘ওটা বিহারের সমীকরণ’
গিরিরাজ সিংয়ের এই হুঙ্কার উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, বিহারের সমীকরণের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই এবং রাজ্যে এর কোনো প্রভাব পড়বে না।
কুণাল ঘোষের বক্তব্য:
“বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী।”
তিনি আরও দাবি করেন, বিহারসহ বহু রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল ফলো করছে। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।
‘কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার হবে’: তৃণমূলের আশঙ্কা
গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, বাংলায় আগামী দিনে ‘SIR ও আনুষঙ্গিক বিষয়ে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত’ থাকবে। এছাড়া, এজেন্সি ও কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহারের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
কুণালের বার্তা, এর বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের মাধ্যমে বিজেপির সব চক্রান্ত ব্যর্থ করা হবে। তিনি বলেন, “বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন।”
বিহারের চিত্র
এদিন প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, নীতীশ-বিজেপি জোট ল্যান্ডস্লাইড জয়ের পথে এগোচ্ছে। গণনা শুরুর এক ঘণ্টার মধ্যেই এনডিএ ম্যাজিক সংখ্যা (১২২) পার করে যায়, অন্যদিকে মহাগঠবন্ধন অনেকটাই পিছিয়ে পড়ে। এই জয়ের আবহে মগধের রাজপথ এখন গেরুয়া আবিরে ঢাকা।