আগের মুখ্যমন্ত্রীও অপরাধীদের সামনে মাথা নত করেছিলেন’! সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দেগে যোগীর বিরাট ঘোষণা

দীপাবলির উৎসবের আগে সমাজবিরোধীদের উদ্দেশে চূড়ান্ত কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দীপাবলির উৎসবে কেউ বিশৃঙ্খলা বা মহিলাদের উৎপীড়ন করলে তার জন্য জেল এবং যমরাজ অপেক্ষা করছেন।”
বুধবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে দুটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার একটি অনুষ্ঠানে এসে তিনি এই কড়া বার্তা দেন।
‘প্রকাশ্য রাস্তায় উদযাপন নয়’:
পাশাপাশি, সাম্প্রতিক ‘আই লাভ মহম্মদ’ (I Love Mohammad) বিক্ষোভের প্রেক্ষিতেও মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “গত আট বছর ধরে হোলি, দীপাবলি, রাম নবমী, এমনকি ঈদ, ক্রিসমাস এবং গুরু পর্ব উদযাপিত হয়েছে। প্রত্যেকেরই নিজেদের বিশ্বাস অনুসারে তা করার অধিকার রয়েছে।” তবে তিনি স্পষ্ট জানান, “প্রকাশ্য রাস্তায় ‘এই ধরনের উদযাপন’ করা যাবে না।”
সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ:
সরাসরি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দাগেন যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, “আগে দরিদ্ররা উৎসব পালন করতে পারত না। গুন্ডা, মাফিয়ায় ভরতি পূর্ববর্তী সরকারের ত্রাসে যুব সম্প্রদায় রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হত।”
যোগী আরও দাবি করেন, “কেবল নেতা ও মন্ত্রীরা নয়, এমনকি আগের মুখ্যমন্ত্রীও অপরাধী, মাফিয়া এবং দাঙ্গাবাজদের সামনে মাথা নত করেছিলেন।” কিন্তু এই সরকার গুন্ডা-দাঙ্গাবাজদের সামনে মাথা নত করবে না বলে ঘোষণা করেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, “যে মানুষ যে ভাষা বোঝে, এই সরকার তাদের সেই ভাষাতেই জবাব দিতে জানে।”
এছাড়াও, মুখ্যমন্ত্রী দীপাবলিতে মানুষকে দেশীয় মাটির প্রদীপ ও মূর্তি কেনার আহ্বান জানান, যাতে স্থানীয় কারিগররা লাভবান হন।