আই-প্যাক অফিসে আচমকা ইডি হানা! খবর পেয়েই সল্টলেকে ছুটলেন মমতা, নেপথ্যে কি অন্য অঙ্ক?

কলকাতায় চরমে রাজনৈতিক উত্তেজনা! বৃহস্পতিবার সকালে কয়লা কাণ্ডের পুরনো মামলাকে হাতিয়ার করে আই-প্যাক (I-PAC) প্রধান প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার সল্টলেক অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের খবর পাওয়া মাত্রই রণংদেহি মেজাজে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর দাবি, আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের রণকৌশল এবং অভ্যন্তরীণ গোপন তথ্য হাতানোর জন্যই এই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযান চালানো হয়েছে। তবে ইডি অফিসাররা পৌঁছালেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান, দলের কোনো গুরুত্বপূর্ণ নথি বা তথ্য বেহাত হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এক চাঞ্চল্যকর দাবি করেন। মমতা বলেন, “আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আইফোন, যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। এখন সব টেবিল ফাঁকা।”
রাজনৈতিক মহলের মতে, ইডি আসার আগেই ফরেনসিক টিমের মাধ্যমে ডেটা সুরক্ষিত করে মমতা বিজেপিকে কড়া বার্তা দিলেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “কেন্দ্রীয় সংস্থা আমাদের কৌশল চুরির চেষ্টা করছে, কিন্তু আমরা নিশ্চিত করেছি যে সবকিছু সুরক্ষিত।” নির্বাচনের মুখে আই-প্যাক অফিসে এই হাই-ভোল্টেজ ড্রামা রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।