আগুন লাগলে দমকল আসার অপেক্ষা করবেন না! প্রাণ বাঁচাতে ফায়ার অফিসারের এই টিপস মানুন

শীতের মরসুমে বাড়ছে অগ্নিকাণ্ডের তাণ্ডব। ঘরবাড়ি থেকে শুরু করে জনবহুল বাজার—আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে যাচ্ছে সর্বস্ব। পূর্ব মেদিনীপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার শুভ্রাংশু মজুমদার অগ্নিকাণ্ড রুখতে এবং প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ অগ্নিকাণ্ডের মূল কারণ সচেতনতার অভাব। বর্তমানে রান্নাঘরে ব্যবহৃত আধুনিক ইলেকট্রনিক গ্যাজেট এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হচ্ছে। ফায়ার অফিসারের কথায়, “অনেকেই ফায়ার লাইসেন্স বা অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই দোকান চালাচ্ছেন। ঘিঞ্জি বাজারে রাস্তা সরু হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে দেরি হয়। তাই দমকল আসার অপেক্ষা না করে প্রাথমিক পদক্ষেপ নেওয়া জরুরি।”
বাঁচার উপায়:
আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করুন।
শর্ট সার্কিট থেকে আগুন লাগলে জল না দিয়ে বালি বা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করুন।
গ্যাসের গন্ধে কখনও দেশলাই জ্বালাবেন না, জানলা খুলে দিন।
আগুন বড় আকার নেওয়ার আগেই নিকটস্থ জলাশয় বা হাতের কাছে থাকা সুরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করুন।
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পূর্ব মেদিনীপুর জেলা দমকল বিভাগ এখন বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে।