প্লায়ার্স দিয়ে কান টানা, হাতুড়ি দিয়ে পায়ে আঘাত! গোরখপুরের শিক্ষকের অমানবিক নির্যাতনে শিউরে উঠবেন

শিক্ষার মন্দিরে চরম অমানবিকতা! শিশুদের মানুষ করার দায়িত্ব যাঁদের কাঁধে, সেই গুরুর বিরুদ্ধে এবার ছাত্রছাত্রীদের ওপর পাশবিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। উত্তরপ্রদেশের গোরখপুরের সহজনওয়া থানা এলাকার ভাদারখি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে প্লায়ার্স ও হাতুড়ি দিয়ে শিশুদের মারধর করার অভিযোগ সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফিরলে তাদের কান ও পায়ে গভীর কালশিটে দাগ দেখতে পান অভিভাবকরা। এরপর কৌতূহলবশত বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, স্কুলের এক শিক্ষক ক্লাসে তাদের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছেন। অভিযোগ উঠেছে, ওই শিক্ষক সাজা দেওয়ার নামে প্লায়ার্স দিয়ে কোমলমতি শিশুদের কান টেনে ধরেছেন এবং হাতুড়ি দিয়ে সজোরে তাদের পায়ে আঘাত করেছেন। এই বর্বরোচিত ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা।
পরিবার সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির ছাত্র সঞ্জয় এবং পঞ্চম শ্রেণির সত্যবান ছাড়াও তৃতীয় শ্রেণির দীপক ও কৃষ্ণের মতো একাধিক শিশু এই ঘটনার শিকার হয়েছে। বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা দলে দলে স্কুলে এসে হাজির হন এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অভিযুক্ত শিক্ষকের অবিলম্বে বরখাস্ত ও কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা।
এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে ব্লক শিক্ষা কর্মকর্তা যজ্ঞ নারায়ণ বর্মা জানিয়েছেন যে, প্রশাসনের কাছে এখনও লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ হাতে পেলেই পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে খতিয়ে দেখা হবে এবং দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।