আইপ্যাক তল্লাশিতে ‘হস্তক্ষেপ’ মামলা, শীর্ষ আদালতের নজরে সিসিটিভি ফুটেজ, ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত লড়াই

কয়লা পাচার মামলার তদন্তে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর দপ্তরে ইডির অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথিত ‘বাধা ও হস্তক্ষেপ’ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য সরকার হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে। এর প্রেক্ষিতে আদালত আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাসভবন ও দপ্তরে তল্লাশি চালায় ইডি। অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রী সশরীরে সেখানে উপস্থিত হয়ে তদন্তকারী আধিকারিকদের কাজে বাধা দেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নিয়ে যান। এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আধিকারিকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে। আদালত ইতিমধ্যে রাজ্য পুলিশকে ওইদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা এফআইআর-এর ওপরও স্থগিতাদেশ জারি রয়েছে। আগামী সপ্তাহের শুনানিতেই নির্ধারিত হবে এই হাই-ভোল্টেজ মামলার ভবিষ্যৎ।