অ্যাকাউন্টে এল না অন্নপূর্ণার টাকা? ১৯ আগস্ট থেকে খুলছে পোর্টাল, রইল সম্পূর্ণ নিয়ম!

মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৭ অগস্ট থেকে শুরু হওয়া এই অর্থ হস্তান্তরের কাজ আগামী দুই থেকে তিন দিন ধরে নিরবচ্ছিন্নভাবে চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, গত ১০ জুলাই পর্যন্ত চলা ভেরিফিকেশনের প্রক্রিয়ায় যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাঁরা ফের নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যে এই আবেদন কোথায় এবং কীভাবে করা যাবে, কিংবা কোন প্রক্রিয়ায় বোঝা সম্ভব যে কারও নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সাম্প্রতিক সরকারি নির্দেশিকা একনজরে দেখে নেওয়া যাক।
অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া কিংবা স্ট্যাটাস দেখার জন্য এতদিন ধরে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল ব্যবহার করা হচ্ছিল। কিন্তু গত ৩১ জুলাইয়ের পর থেকে অনিবার্য কারণে সেই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ প্রার্থীরা বর্তমানে কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। এই বিষয়ে নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু বিস্তারিত জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে পোর্টালে বর্তমানে ভেরিফিকেশনের গুরুত্বপূর্ণ কাজ চলায় তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সুখবর হলো, আগামী ১৯ অগস্ট অর্থাৎ আজ থেকেই এই পোর্টাল পুনরায় খুলে দেওয়া হচ্ছে।
যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা সরাসরি এই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমেই পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে মনে রাখা দরকার যে এই সুযোগ নতুন আবেদনকারীদের জন্য নয়, বরং যাঁদের নাম ইতিপূর্বে তালিকা থেকে বাদ পড়েছে, শুধুমাত্র তাঁরাই এই পুনরায় আবেদনের সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে কাউকেই বঞ্চিত করা হচ্ছে না। যাঁদের অ্যাকাউন্টে ১৭ অগস্ট টাকা ঢোকে নি, তাঁদের ক্ষেত্রে পুনরায় ভেরিফিকেশন করা হবে। এর জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে পোর্টালে গিয়ে ক্লেম বা অবজেকশন দাখিল করতে হবে।
আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে কিনা তা বোঝার জন্য আগামী ১৯ অগস্ট সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হবে। যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নি, সেই তালিকায় তাঁদের নাম এবং নাম বাদ যাওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকবে। যদি ২০ অগস্টের মধ্যেও কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তবে তাঁকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে কারণ খতিয়ে দেখতে হবে। সেখানে মূলত করদাতা হওয়া, মাসিক আয় ১০ হাজারের বেশি হওয়া কিংবা ভেরিফিকেশনের সময় বাড়িতে পাওয়া যায়নি—এমন বিভিন্ন কারণ উল্লেখ থাকতে পারে। এরপর সঠিক তথ্য প্রদান করে ক্লেমস ও অবজেকশন জমা দিতে হবে। পুনরায় যাচাইকরণের পর যোগ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে।